সোমালিয়া সংবাদ, খানাকুল: রবিবার ভারত পথিক রামমোহন রায়ের ২৫০ তম জন্মবার্ষিকীতে তাঁর জন্মস্থান খানাকুলে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এদিনের উল্লেখযোগ্য ঘটনা ছিল রামমোহনের জন্মভিটে এবং বসতবাটিতে হেরিটেজ ফলকের উদ্বোধন। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাধিপতি মেহেবুব রহমান, জেলাশাসক পি দীপাপ প্রিয়া, দুই রামমোহন গবেষক দেবাশিস শেঠ ও পরেশ চন্দ্র দাস, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, রামেন্দু সিংহ রায় ছাড়াও জেলা ও মহাকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিগণ। এদিন শুভাপ্রসন্ন বলেন, রাজা রামমোহন ছিলেন নবজাগরণের প্রধান পুরুষ। তিনি পৃথিবীর মুক্তির জন্য কাজ করে গেছেন। তাঁর মতো আধুনিক মানুষ আমরাও এখনও হতে পারিনি। তাঁর সংস্কারমুক্ত যে মন এবং জীবনের যে আদর্শ তা পৃথিবীতে বিরল। দেরিতে হলেও হেরিটেজ কমিশনের পক্ষ থেকে আমরা যে এখানে স্মারক রাখতে পারলাম তার জন্য আমরা গর্বিত। এদিন শুভাপ্রসন্ন জানান, রামমোহনের বসতবাটিকে সংরক্ষণের জন্য চেষ্টা করা হবে। এদিন সকাল আটটায় রামমোহনের বসতবাটি রঘুনাথপুর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শেষ হয় রামমোহনের জন্মভিটে রাধানগরের রামমোহন মেমোরিয়াল হলে। এই শোভাযাত্রায় বহু সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। শোভাযাত্রার মুখ্য আকর্ষণ ছিল বিভিন্ন ট্যাবলো। যার মধ্যে নজরকাড়া ছিল রামমোহনের নিবারণ করা সতীদাহ প্রথা।

অন্যদিকে এদিন রাজা রামমোহন রায় কলেজ এবং রামমোহন রায়ের আমবাগানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও রাজা রামমোহনের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভায় বিশিষ্ট অংশগ্রহণ করেন। এই উপলক্ষে এদিন রাজা রামমোহনের উপর রামমোহন গবেষক দেবাশিস শেঠ, ড. পরেশ চন্দ্র দাস, অমিত কুমার আঢ্য ও প্রশান্ত মানিক এই চার লেখকের চারটি নতুন বই প্রকাশিত হয়। উদ্বোধন করা হয় এক স্মরণিকার।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত