সোমালিয়া সংবাদ, নদীয়া: দু’দিন পরই রথযাত্রা উৎসব। তাই রথযাত্রা উৎসবকে ঘিরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ছোটদের রথ তৈরি করতেই ব্যস্ত নবদ্বীপ শহরের ৭ ও ৮ নং ওয়ার্ডের রানীরচড়া এলাকার মিস্ত্রি পাড়ার বাসিন্দারা। সময় কম, ফলে দম ফেলার ফুরসত নেই তাঁদের। বিভিন্ন মাপের রথ তৈরি হচ্ছে এলাকায়। এক কথায় রথ উৎসবে লক্ষ্মীলাভের এই সুযোগ হাতছাড়া করতে চান না শিল্পীরা। তাই দিনরাত চলছে কাজ। গত দু’বছর করোনার থাবায় রথের আনন্দ মাটি হয়েছে। কিন্তু এবছর পরিস্থিতি ভাল। তাই রথযাত্রা হবে জাঁকজমক করে এই আশায় তাঁরা জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে সবের মধ্যেও কোথাও যেন একটু মন ভার শিল্পীদের, কারন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি মূল্যবৃদ্ধি হয়েছে রথ তৈরির সামগ্রীতে ও শ্রমিকদের মজুরি তেও। ফলত ছোটদের রথের দাম যে এবার বেশ কিছুটা বাড়বে তা বলার অপেক্ষা রাখে না এমনাটাই জানালেন শিল্পী আনন্দ শর্মা। তবে তা সত্ত্বেও ভাল বিক্রি হবে বলে আশা তাঁরও। আর এই আশায় শিল্পী সুকুমার শর্মার রথ তৈরির কাজে হাত লাগিয়েছে তাঁর ভাইঝি সৌমিলি শর্মা। সেও জানায়, করোনায় গত দু’বছর সব কেড়ে নিয়েছে, এবছর রথে হয়তো একটু ভাল বিক্রি হবে। সব মিলিয়ে রথ উৎসবকে ঘিরে যেমন ভক্তদের মধ্যে উন্মাদনা আছে পাশাপাশি বিভিন্ন ব্যাবসায়ীরাও ভাল বিকিকিনির আশায় বুক বেঁধে আছে।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের