সোমালিয়া সংবাদ, হুগলি: শুধু মুমূর্ষু রুগীর জন্য নয় অনেক সময় গুরুত্বপূর্ণ অপারেশনের আগেও রক্তের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রুগীদের বেঁচে থাকার জন্য রক্ত অপরিহার্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘স্বেচ্ছায় রক্তদান শিবির’ এর আয়োজন করা হলেও সেখানে প্রত্যাশা বা প্রয়োজনের তুলনায় কম রক্ত সংগৃহীত হয়। ইচ্ছে থাকলেও রক্তদান নিয়ে এখনও সাধারণ মানুষের মনে একটা ভয় ও কুসংস্কার আছে। এবার সেই কুসংস্কার ও ভয় দূর করার লক্ষ্যে এবং যুবসমাজকে রক্তদানে উৎসাহিত করার জন্য সাইকেলে করে কার্যত সাগর থেকে পাহাড় ভ্রমণে বের হলেন ‘সাইকেল ম্যান অফ রক্তদান ইন্ডিয়া’-র জয়দেব রাউত। জয়দেব বাবু হলেন ‘ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অফ ইন্ডিয়া’-র ব্রান্ড সাইকেল রাইডার। একদল শুভানুধ্যায়ী মানুষের শুভেচ্ছাকে পাথেয় করে গত ৭ই জুন তিনি সাইকেলে চেপে কলকাতার রক্তভবন থেকে যাত্রা শুরু করেন। গন্তব্যস্থল উত্তরবঙ্গ। বন্যাজনিত কারণে সফর সংক্ষিপ্ত করে তিনি শিলিগুড়ি থেকে পুনরায় দক্ষিণবঙ্গের দিকে রওনা দেন। নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, বীরভূম হয়ে তিনি ৩০ শে জুন এসে পৌঁছান পূর্ব বর্ধমানের গুসকরায়। জানা গিয়েছে, দেশের মোট কুড়িটি রাজ্যে তিনি রক্তদানের আহ্বানে ভ্রমন করেছেন।
জয়দেববাবু প্রতিদিন গড়ে ৫০-৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের স্থায়ী সদস্য বছর বাহান্নর ‘যুবক’ জয়দেববাবু হুগলির চাঁপদানির বাসিন্দা। তিনি স্থানীয় একটি জুটমিলের ‘নো ওয়ার্ক নো পে’ ভিত্তিক অস্হায়ী কর্মী। মাত্র আঠারো বছর বয়সে ফুটবল খেলতে গিয়ে পেটে মারাত্মক আঘাত পান। জরুরি ভিত্তিক অপারেশনের জন্য চার বোতল রক্তের প্রয়োজন হয়। এই রক্ত সংগ্রহ করতে গিয়ে তাঁর পরিবারের সদস্যরা চরম সংকটে পড়েছিলেন। এই ঘটনা তাঁর মনে আমূল পরিবর্তন আনে। দেশের যুব সম্প্রদায়কে স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানিয়ে তিনি সাইকেলে চেপে বেরিয়ে পড়েন। শুধু তাই নয়, নিজেও ইতিমধ্যে ৩৯ বার রক্তদান করেছেন। সবমিলিয়ে তাঁর এই মানবিক কাজের প্রশংসা করেছেন হুগলি জেলার মানুষ।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত