সোমালিয়া ওয়েব নিউজ: এবার আর সিকিম ও পশ্চিমবঙ্গের গাড়ির ব্যবহার নিয়ে দুই রাজ্যে বিধি-নিষেধ থাকছে না। এক রাজ্যের গাড়ি অনায়াসে অন্য রাজ্যের যে কোনও জায়গায় যেতে পারবে। পর্যটকদের পৌঁছে দিতে পারবে গন্তব্যে। সম্প্রতি এবিষয়ে চুক্তি স্বাক্ষর হল রাজ্য সরকার ও সিকিম সরকারের মধ্যে। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ও সিকিমের পরিবহণ মন্ত্রী সঞ্জিত খারেল। কাঞ্চনজঙ্ঘা, খরস্রোতা নদী, পাহাড়, জঙ্গল, রডোডেনড্রন নিয়ে প্রকৃতির সাজে সজ্জিত উত্তরবঙ্গ ও সিকিম। পর্যটকদের সংখ্যা এই জায়গাগুলোতে ক্রমশই বাড়ছে। কারও পছন্দ সিকিম, কারও আবার এ রাজ্যেরই দার্জিলিং, কালিম্পং জেলার বিভিন্ন অফবিট ডেস্টিনেশন। যেহেতু সিকিম ও পশ্চিমবঙ্গ একেবারেই গায়ে গায়ে, তাই অনেকে দুই রাজ্য মিলিয়ে ট্যুর করেন। কিন্তু এতদিন পশ্চিমবঙ্গের সর্বত্র বিশেষত অফবিট জায়গায় হোম স্টে বা হোটেল পর্যন্ত সিকিমের সমস্ত গাড়ি যেমন সহজে যেতে পারত না, তেমনই সিকিমে ঢোকার ক্ষেত্রেও এ রাজ্যের গাড়ির জন্য বিধি নিষেধ ছিল। ফলে সিকিমে যাওয়ার জন্য সেখানকার গাড়ি বুক করতে হত, আর এ রাজ্যের জন্য এদিককার। এতে পর্যটকদের হেনস্থা হতে হত। কারণ তাঁদের সিকিম সীমান্তে নেমে আবার ওই রাজ্যের গাড়ি নিয়ে হোটেল পৌঁছতে হত। অবশেষে দুই রাজ্য চুক্তি স্বাক্ষর করে চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে এখন থেকে কোনও রাজ্য গাড়ি আটকাবে না। চুক্তি সাক্ষরিত হওয়ায় পর্যটকরা বাংলার গাড়ি নিয়ে যেমন সিকিমের হোটেল পর্যন্ত যেতে পারবেন, তেমন উল্টোটাও হবে। ফিরহাদ হাকিম বলেন, ‘এই চুক্তিতে পর্যটনে আরও জোয়ার আসবে।’ সিকিমের পরিবহণমন্ত্রী বলেন, এই চুক্তি দুই রাজ্যের সম্পর্ক আরও দৃঢ় করবে।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ