সোমালিয়া ওয়েব নিউজ: শনিবার সকালে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো ইডি। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল। সারাদিন তো বটেই রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শনিবার সকাল দশটা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দক্ষিণ কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে। দুটি বস্তার মধ্যে ভরা ছিল ২,০০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিল। ওই বাড়ি থেকে ২০টি মোবাইল ফোন পাওয়া গিয়েছে বলে খবর। যে নগদ টাকা উদ্ধার হয়েছে তা ব্যাংক কর্মীদের যন্ত্রের সাহায্যে শনিবার সকাল পর্যন্ত গোনা হয়েছে। ইডি জানাচ্ছে, ওই টাকা স্কুলে বেআইনি নিয়োগ নেওয়া ঘুষের অংশ।কোন রকম তলবি নোটিশ ছাড়াই শুক্রবার সকাল সাড়ে সাতটায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। পার্থকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। বাড়িতে পৌঁছানোর পরেই মন্ত্রীর নিরাপত্তা রক্ষী এবং দেহরক্ষীর মোবাইল ফোন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন তদন্তকারীরা। একই নির্দেশ দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। দুপুরে পুলিশের সঙ্গে এসে পার্থের পারিবারিক চিকিৎসক তদন্তকারীদের সামনেই তার শারীরিক পরীক্ষা করেন। পরে এসএসকেএম থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এসে মন্ত্রীকে দেখে যান। তারপরেও চলে জিজ্ঞাসাবাদ। রাতভর সেই প্রশ্ন পর্ব চলার পর শনিবার সকালে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সবমিলিয়ে এই ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য।
![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের