September 19, 2026

জম্মু ও কাশ্মীর সীমান্তের আকাশে ফের পাক ড্রোন, ব্যাপক চাঞ্চল্য

সোমালিয়া ওয়েব নিউজ: জম্মুর কানাচক এলাকার আকাশে ড্রোন উড়তে দেখেই গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সেটি ধ্বংস হয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত নন বিএসএফ কর্তারা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বিএসএফের উপস্থিতি টের পেয়েই সীমান্তের ওপারের পাক ‘অপারেটর’ সেটিকে ফিরিয়ে নিয়ে যান। শনিবার সকাল থেকে এলওসি-তে ড্রোনের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে বিএসএফ বলে জানা যায়। বিএসএফ সূত্রের খবর, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের অন্দরে পাক ড্রোনটি ঢুকে পড়েছিল। ড্রোনের আলো দেখা মাত্রই গুলি চালাতে শুরু করেন টহলদার জওয়ানেরা। এর আগে গত ১৬ জুলাই রাতে পুঞ্চের কৃষ্ণাঘাঁটি সেক্টরে একইভাবে একটি পাক ড্রোন নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে ঢুকে পড়েছিল। কিন্তু সতর্ক বিএসএফ বাহিনী গুলি ছুঁড়তে শুরু করায় সেটি পালিয়ে যায়। ওই ড্রোনের মাধ্যমে পাক মদতেপুষ্ট জঙ্গিদের অস্ত্র পাঠানো হচ্ছিল বলে গোয়েন্দা আধিকারিকদের ধারণা। সবমিলিয়ে এই ড্রোন কেন ভারতের আকাশে পাঠানো হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে ভারত।

Loading