September 27, 2026

সমস্যার সমাধানে চালু হল তিনটি গুরুত্বপূর্ণ ফোন নম্বর

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগ পুরসভার বাসিন্দাদের সমস্যার সমাধানে চালু হল তিনটি গুরুত্বপূর্ণ ফোন নম্বর। ওই নম্বরের মাধ্যমে যোগাযোগ করে সাধারণ মানুষ দ্রুত তাঁদের সমস্যার কথা পুরসভার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানাতে পারবেন। শুক্রবার আরামবাগ পুরসভা চত্বরে এই পরিষেবার উদ্বোধন করেন আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-পুরপ্রধান মমতা মুখার্জি, আরামবাগ মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় ঘোষ ছাড়াও অন্যান্য কাউন্সিলররা। এ বিষয়ে আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী বলেন, সারা বছর ধরেই এই তিনটি ফোন নম্বর চালু থাকবে। আপাতত পানীয় জল, বিদ্যুৎ এবং সাফাই বিভাগের সমস্যার জন্য পৃথক পৃথকভাবে নম্বর তিনটি ব্যবহার করা যাবে। সরাসরি ফোন করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে। তিনি বলেন, এতদিন পুরসভায় গিয়ে লিখিতভাবে নিজেদের সমস্যার কথা জানাতে হতো। কিন্তু এবার বাড়িতে বসেই ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তাঁরা সমস্যার কথা তুলে ধরতে পারবেন। এর ফলে একদিকে যেমন দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে, তেমনি অন্যদিকে সময় অনেক সাশ্রয় হবে। এ প্রসঙ্গে আরামবাগ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম খান বলেন, এটা খুবই ভাল পদক্ষেপ। এর ফলে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অনেক বেশি উপকৃত হবেন। আশা করি আগের থেকে অনেক বেশি দ্রুত পরিষেবাও পাওয়া যাবে।

Loading