সোমালিয়া সংবাদ, আরামবাগ: ভুল করে ট্রেনে ফেলে রাখা ল্যাপটপ ও টাকা সহ ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিল আরামবাগ আরপিএফ। রবিবার আরামবাগ রেলস্টেশন অফিসে ওই যাত্রীর হাতে তা তুলে দিলেন আরামবাগ আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর জিয়াউল ইসলাম। ওই যাত্রীর নাম সোমনাথ রক্ষিত। তিনি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বাড়ি হুগলির হিন্দমোটরে। শনিবার তিনি হিন্দমোটর থেকে কাটোয়াগামী ট্রেনে শেওড়াফুলিতে নেমেছিলেন। কিন্তু ট্রেনের বাঙ্কার থেকে ব্যাগটি নিতে ভুলে যান। কিছুক্ষণ পর তিনি বুঝতে পেরে শেওড়াফুলি জিআরপিতে অভিযোগ জানান। রেল পুলিশের পক্ষ থেকে তখন ব্যান্ডেল স্টেশনে ট্রেনটিতে তল্লাশি চালিয়েও ব্যাগটি উদ্ধার করা যায়নি। এরপর শনিবার রাতেই আরামবাগ আরপিএফ থেকে সোমনাথবাবুকে ফোন করে জানানো হয় যে তাঁর ব্যাগটি পাওয়া গেছে। ওই ট্রেনটি পরে হাওড়া থেকে গোঘাট যাচ্ছিল। তখনই আরামবাগ আরপিএফ সেটি আরামবাগ স্টেশনে ট্রেন থেকে উদ্ধার করে। ওই ব্যাগের মধ্যে তাঁর ল্যাপটপ এবং ১৮৭০০ টাকা ছিল। ফোন পাওয়ার পর রবিবার সকালে সোমনাথবাবু আরামবাগ স্টেশনে ছুটে যান। সেখানে আরপিএফের পক্ষ থেকে ল্যাপটপ ও টাকাসহ ব্যাগ তাঁর হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় আরপিএফের উপর অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন সোমনাথবাবু। তিনি বলেন, ব্যাগটি যে পাওয়া যাবে সেই আশা ছেড়ে দিয়েছিলাম। ল্যাপটপের মূল্য বা টাকাটা বড় কথা নয়। আসলে ওই ল্যাপটপের মধ্যে কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। ল্যাপটপের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তাই তা ফিরে পাওয়ায় ওনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। অন্যদিকে কয়েকদিন আগে এক মহিলা যাত্রীর টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ উদ্ধার করে তাঁকে ফিরিয়ে দিয়েছিল আরামবাগ আর পি এফ। আরামবাগ রেলস্টেশন অফিসে ওই মহিলার হাতে তা তুলে দেন আরামবাগ আরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জিয়াউল ইসলাম। ওই মহিলার নাম অনিমা জানা। বাড়ি গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের জগতপুর গ্রামে। তিনি হাওড়া থেকে ট্রেনে চড়ে বাড়ি ফিরছিলেন। তারকেশ্বরে ফল কেনার জন্য ট্রেন থেকে নেমেছিলেন। তখনই ট্রেনটি ছেড়ে দেয়। এরপর অনিমাদেবী তারকেশ্বর আরপিএফকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে আরামবাগ আরপিএফ মায়াপুর স্টেশন থেকে অনিমাদেবীর ব্যাগ, বালতি এবং জলের বোতল উদ্ধার করে। পরে অনিমাদেবী আরামবাগ স্টেশনে এসে পৌঁছলে তাঁর হাতে সেগুলি তুলে দেওয়া হয়।
![]()

More Stories
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ
‘বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই, অভিষেকই ভরাডুবির ১০০ শতাংশ দায়ী, বিজেপি যদি ডাকে পা বাড়াতে দ্বিধা করব না’— বিস্ফোরক গোঘাটের বর্ষীয়ান নেতা মনোরঞ্জন পাল