বোরো জলের সমস্যা সমাধানে ডিভিসিতে নজিবুল

সোমালিয়া সংবাদ, খানাকুল: খানাকুলের বোরো জল নিয়ে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম। পশ্চিম বর্ধমানের ডিভিসি অফিসে গিয়ে সোমবার তাঁরা দেখা করলেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে। বোরো চাষের জন্য যাতে জলের অভাব না হয় সে ব্যাপারে কথা বললেন। জানা গেছে ইঞ্জিনিয়াররা জল পাওয়ার ব্যাপারে তাঁদেরকে আশ্বস্ত করেছেন। নজিমুল করিমের সঙ্গে উপস্থিত ছিলেন নূরনবী মন্ডল, দুখিরাম দোলুই প্রমূখ তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, খানাকুল বিধানসভার অধিকাংশ মানুষজন কৃষি কাজের উপর নির্ভরশীল। ফলে এখানে যেহেতু প্রায় প্রতি বছরই বন্যা দেখা দেয় ফলে বর্ষার চাষ প্রায় হয় না। তাই খানাকুলে একমাত্র রবি চাষ ও বোরো ধান অর্থাৎ বোরো চাষের উপর নির্ভরশীল হতে হয়। এই বোরো চাষের জন্য ডিভিসির জলের উপর নির্ভর করে চাষাবাদ করতে হয়। আর এই ডিভিসি জল ধরে রাখার জন্য খানাকুলের বিভিন্ন সেচ খালের উপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মাধ্যমে প্রতিবছরই বাঁধ বাধা হয়। অনেক সময় দেখা যায় ডিভিসির জল পর্যাপ্ত পরিমানে না পাওয়ার জন্য খানাকুলে ফসল নষ্ট হয়। ফলে বহু ক্ষোভ-বিক্ষোভ আন্দোলন সংঘটিত হয়। এই বোরো জলকে কেন্দ্র করে খানাকুলের রাজনীতিও আবর্তিত হয়। বিভিন্ন রাজনৈতিক দল এই জলের সমস্যা দেখা দিলে ফায়দা নেওয়ার চেষ্টা করে। কিন্তু কাজের কাজ কিছুই হয় না তবে গত কয়েক বছর ধরে তৃণমূলের হাত ধরে বোরো চাষের ব্যাপারে অনেকটাই চাষিরা নিশ্চিন্ত হয়েছেন। আর এ ব্যাপারে চাষিদের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তৃণমূল নেতা মন্ত্রী মুজিবুল করিম।

Loading