February 4, 2026

দরিদ্র মহিলার এ্যাকাউন্ট ব্যবহার করে কোটি টাকা লেনদেনে পাকড়াও মিডিলম্যান

সোমালিয়া সংবাদ, আরামবাগ: এক দরিদ্র মহিলার এ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা লেনদেনের ঘটনায় নতুন মোড়। খানাকুলের ওই মহিলার আত্মীয়রা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা নির্মাল্য ঘোষ নামে এক যুবককে পাকড়াও করেন। তাঁরা শুক্রবার নির্মাল্যকে আরামবাগ এসডিপিও অফিসে নিয়ে আসেন। আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল ও রীতা জানা নামে ওই মহিলা ছাড়াও সেখানে দিল্লি পুলিশের সাইবার সেলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ছিল খানাকুল থানার পুলিশও।  রীতাদেবীর  দাবি, তাঁর এটিএম কার্ডটা নিয়েছিল এই নির্মাল্য ঘোষ। তাই তাঁর এ্যাকাউন্ট সম্পর্কে সমস্ত কিছু তথ্য জানে ওই নির্মাল‍্যই। যদিও নির্মাল্যর দাবি, তিনি কিছুই  জানেন না।  তিনি দাবি করেছেন এটিএম কার্ডটি তাঁর কাছে নেই। তিনি হৃদয় ঘোড়ুই নামে পূর্ব মেদিনীপুরের এক ব‍্যক্তিকে দিয়েছেন। হৃদয়ই এই সমস্ত কাজ করে থাকে। আর তাঁকে ২% কমিশন দেবে বলেছিল। তাই তিনি এই কাজ করেছিলেন। যদিও এখনও পর্যন্ত একবারও কমিশনের টাকা পাননি বলে তিনি দাবি করেছেন। তবে তিনি এখন তদন্তে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, দিল্লি পুলিশ একটি সাইবার ক্রাইমের তদন্ত করতে গিয়ে খানাকুলের ঘাসুয়ার বাসিন্দা রীতা জানা নামে ওই মহিলার  বেসরকারি ব্যাংকের এক এ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেনের হদিস পায়। এরপরেই দিল্লি পুলিশের সাইবার সেলের এক প্রতিনিধি দল খানাকুলের রীতা জানার বাড়িতে আসেন। তাঁদের কাছ থেকে সব শুনে  আকাশ থেকে পড়েন রীতাদেবী। তিনি নিজে একটি নার্সিংহোমে আয়ার কাজ করতেন। কিছুদিন তাও আর করেন না।  স্বামী তাঁকে ছেড়ে অন্যত্র থাকেন। ছেলেরা দিনমজুর খাটে। অথচ দিল্লির ওই আধিকারিকরা  তাঁকে জানান, তাঁর ব্যাংক এ্যাকাউন্টে বর্তমানে ৪৯ লক্ষ টাকা রয়েছে। এ কথা শুনে রীতা দেবী জানান, চার মাস আগে তাঁর এক পরিচিত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার আগর গ্রামের নির্মাল্য ঘোষ তাঁর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ও ছবি নিয়ে আরামবাগের একটি বেসরকারি ব্যাংকে তাঁর একটি এ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন। কিন্তু এটিএম কার্ডটি ওই নির্মাল‍্য ঘোষই রেখে দিয়েছিলেন।  দিল্লি থেকে আসা সাইবার সেলের ওই আধিকারিকরা তাঁকে জানান, যেভাবেই হোক ওই এটিএম কার্ডটা তাঁদেরকে উদ্ধার করে দিতে। নাহলে তাঁকে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হবে। এরপরই শুক্রবার সকালে  রীতা দেবীর আত্মীয়রা নির্মাল্যকে পাকড়াও করে আরামবাগ এসডিপির কাছে হাজির হন।

Loading