সোমালিয়া ওয়েব নিউজ: বৃষ্টি ভেজা সবুজ মাঠে হাওয়ায় দোল খাচ্ছে নতুন রোয়া ধানের চারা। উড়ছে কিছু বক। এমনই একটি ভিডিও সম্প্রতি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে একেবারে পিছন দিয়ে ট্রাক্টর চালিয়ে নিয়ে যাচ্ছেন এক কৃষক। এইটুকু দেখতে পেলে মনে হতে পারত কোনও সবুজঘেরা শান্ত গ্রামের ছবি এটি। কিন্তু ভিডিও দেখে হাড় হিম হয়ে গিয়েছে নেট দুনিয়ার নাগরিকদের।
কারণ এই ফ্রেমেই রয়েছে এক ডোরাকাটা বাঘ। দুলকি চালে সে হেঁটে চলেছে ফসলে ভরা খেতের উপর দিয়ে। ত্রস্ত হয়েই উড়ে যাচ্ছে কয়েকটি বক। কিন্তু পিছনে যে কৃষক ট্রাক্টর চালাচ্ছেন তিনি বোধহয় কিছু বুঝতেই পারেননি। এমন ছবি দেখে হাড় হিম হয়ে যাওয়ারই কথা।জানা গিয়েছে, এই ভিডিওটি উত্তরপ্রদেশের পিলভিট জেলার। বৃষ্টির পর থেকে জেলা জুড়ে খেতে ধান রোপনের কাজ চলছে। কিন্তু পাশেই যে পিলভিট টাইগার রিজার্ভ! তাই বাঘেদের অবাধ আনাগোনা শুরু হয়েছে আশেপাশের এলাকায়। গত কয়েক দিন ধরেই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। এর আগে এই এলাকায় বাঘের আক্রমণে দুই কৃষকের মৃত্যুও হয়েছে। ফলে ত্রস্ত বাসিন্দারা।উত্তরপ্রদেশের পিলভিট জেলার টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকায় ক্রমশই বাড়ছে বাঘের হানা। গত কয়েকদিনে সংরক্ষিত এলাকা থেকে বাঘ বেরনোর খবর পাওয়া গিয়েছে দু’টি ভিন্ন এলাকা থেকে। জঙ্গল থেকে বেরিয়ে এসে মনুষ্যবসতি এলাকায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বাঘকে।জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই দুই এলাকার উপর নজরদারি শুরু করেছে বন বিভাগ ও ডব্লিউটিআই-এর দল। কিন্তু এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অন্য একটি এলাকার ছবি। যেখানে খেতের উপর দিয়ে নিশ্চিন্তে হেঁটে চলেছে বাঘ। পিছনে কাজে ব্যস্ত এক কৃষক। ভাইরাল হওয়া ভিডিওটি পিলভিট জেলার কালিনগর তহসিলের চুকা এলাকার বলে জানা গিয়েছে।ভিডিও যতটুকু দেখা গিয়েছে, তাতে যে কোনও সময় বাঘটি কৃষকের উপর ঝাঁপিয়ে পড়তে পারত। কিন্তু সৌভাগ্য ক্রমে বাঘ আল থেকে নেমে ফের হাঁটা দিয়েছে জঙ্গলের দিকেই। তবে এমন ভিডিও দেখে সামাজিক বন বিভাগের ডিএফও সঞ্জীব কুমার বলেছেন, ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে।
![]()

More Stories
চুল কাটতে গিয়ে ‘চুলচেরা’ বিপত্তি! থানায় অভিযোগ, চাঞ্চল্য চন্দ্রকোণায়
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ