September 22, 2026

আর নয় ডলার, এই দেশ থেকে প্রথমবারের মতো রুপিতে কেনা হল তেল, নয়া ইতিহাসের পথে ভারত!

সোমালিয়া ওয়েব নিউজ: এবার একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে এবং ভারতীয় মুদ্রাকে (Indian Rupee) আরও শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ভারত প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরশাহী থেকে অপরিশোধিত তেল কেনার জন্য রুপিতে অর্থ প্রদান করেছে। এই পদক্ষেপটি মূলত দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতীয় মুদ্রা রুপির ব্যবহারকে উন্নীত করার জন্য একটি বড় উদ্যোগ। উল্লেখ্য যে, ভারত তার তেলের চাহিদার ৮৫ শতাংশেরও বেশি আমদানির মাধ্যমে গ্রহণ করে। এজন্য দেশকে বড় অঙ্কের ডলার প্রদান করতে হয়। কিন্ত, এবার ভারতীয় মুদ্রায় কেনা হল তেল।প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (ADNOC) থেকে ১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কেনার জন্য ভারতীয় রুপি দিয়েছে। এছাড়া রাশিয়া থেকে আমদানি করা অপরিশোধিত তেলের কিছু অংশও ভারতীয় মুদ্রায় পরিশোধ করা হয়েছে।
জানিয়ে রাখি যে, গত জুলাই মাসে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর সাথে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির কাছ থেকে অপরিশোধিত তেল কেনার বিনিময়ে ভারতীয় রুপিতে অর্থ প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এই প্রসঙ্গে ভারতীয় আধিকারিকরা জানিয়েছেন যে ভারত অন্যান্য সরবরাহকারীদের সাথেও অনুরূপ চুক্তির সন্ধান করছে।শেষ হবে ডলারের আধিপত্য: বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য, ভারতের মতো একাধিক দেশ বাণিজ্যের জন্য মার্কিন ডলার ব্যবহার করা থেকে দূরে সরে যাচ্ছে এবং পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন করতে রাজি হচ্ছে। সেই রেশ বজায় রেখেই, বাণিজ্যিক চুক্তির অধীনে, নয়াদিল্লি এখন UAE এবং সৌদি আরবের তেল রপ্তানিকারকদের সাথে রুপিতে অর্থ প্রদানের জন্য আলোচনা করছে। এদিকে, সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট বলছে যে, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্যও ভারতীয় রুপিতে টাকা দেওয়ার চেষ্টা করছে। তবে এখনও বিষয়টি নির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Loading