সোমালিয়া সংবাদ, আরামবাগ: রাজ্য বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। এই চূড়ান্ত তালিকায় শাসক দলের অনেক বিধায়ক যেমন বাদ পড়ছেন, তেমনই সব দলের প্রথম সারির কিছু নেতা-নেত্রী টিকিট পাচ্ছেন না। বদলে আসছে নতুন মুখ ও সেলিব্রেটিরা। থাকছেন কিছু আমলা ও পুলিশ আধিকারিক। এ পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু তারপরেই প্রার্থী হতে না পেরে নেতা-নেত্রীদের বিদ্রোহী হওয়া এখন কেবল সময়েরই অপেক্ষা। অনুগামীদের নিয়ে সেই বিদ্রোহের আগুন কতদূর পৌঁছাতে পারে তার ওপর অনেকটাই আগামী নির্বাচনে বিভিন্ন দলের ফলাফল নির্ভর করবে বলে রাজনৈতিক মহলের ধারণা। শাসক তৃণমূলের ক্ষেত্রে সেই ঘটনা যতটা না প্রকাশ্যে হবে তার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নির্বাচনের সময় অন্তর্ঘাতে। অন্যদিকে বিজেপির ক্ষেত্রেও তৃণমূল ও বাম দল থেকে যোগ দেওয়া নেতা-নেত্রীদের টিকিট পাওয়াকে কেন্দ্র করে একই রকম ঝড় উঠতে পারে । পাশাপাশি পুরনোরা টিকিট না পেলে বিদ্রোহী হয়ে উঠতে পারেন তাঁরাও। আরামবাগ মহকুমাতেও এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। কারণ চারটি বিধানসভা ক্ষেত্রেই তৃণমূলের নিজেদের মধ্যে যেমন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট, তেমনি বিজেপির মধ্যেও আদি ও নব্যদের দ্বন্দ্ব প্রবল হয়েছে। বারবারই ফেসবুক পেজগুলিতে তার বহিঃপ্রকাশ ঘটেছে। তাই আগামী কয়েকদিন এই প্রার্থীপদকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠবে রাজ্য রাজনীতি। আরামবাগ মহকুমাও তার থেকে বাদ যাবে না। কোন কোন ক্ষেত্রে নেতা-কর্মীদের দলবদলের ঘটনা ঘটলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।
![]()

More Stories
বিস্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, উপস্থিত থাকবেন অমিত শাহ
পঁচিশে বৈশাখে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী–অমিত শাহ
ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, তৎপর প্রশাসন