আই এম এ ডাক্তারদের সুরক্ষায় সর্বভারতীয় আইন প্রণয়নের দাবি

সোমালিয়া ওয়েব নিউজ: আর জি কর কান্ডের প্রেক্ষিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন – আই এম এ ডাক্তারদের সুরক্ষায় সর্বভারতীয় আইন প্রণয়নের দাবি জানিয়েছে। সংগঠনের সর্বভারতীয় নেতারা আজ সোদপুরে নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করেন। শান্তনু বাবু বলেন আরজি করের ঘটনা নিয়ে মানুষের ক্ষোভ এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন খুবই সঙ্গত। কিন্তু এই আন্দোলনকে যাতে কোনভাবেই রাজনীতি করণ না করা হয় এবং আন্দোলনের কারণে মুমূর্ষু রোগীরা যাতে কোনভাবেই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানিয়েছেন। পরে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আইএমএ-র সর্বভারতীয় সভাপতি আর.ভি অশোকান বলেন, এমনকি বিমানবন্দরের কর্মীদের উপর হামলা রোখার জন্য কেন্দ্রীয় আইন রয়েছে। অথচ ডাক্তারদের জন্য তেমন কোন আইন নেই। আর জি করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যদি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে খুন হতে হয় তাহলে সারা দেশের কোথাওই চিকিৎসকরা সুরক্ষিত নন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় আইন প্রণয়নের পাশাপাশি দেশের সমস্ত হাসপাতালকে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত সেফ জোন হিসেবে ঘোষণা করার জন্য তিনি কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন। সংগঠনের রাজ্য সম্পাদক শান্তনু সেন আর জি করের ঘটনার পূর্ণাঙ্গ ও যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, সি বি আই এর পূর্ববর্তী বিভিন্ন তদন্ত নিয়ে এ রাজ্যের মানুষের কিছুটা হতাশা রয়েছে। তবে এক্ষেত্রে তারা দ্রুততার সঙ্গে তদন্তের নিষ্পত্তি করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

Loading