বিজেপি ও আরএসএস কর্মীদের পাশে আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী

সোমালিয়া সংবাদ, আরামবাগ: রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিয়ে আরামবাগের আরএসএস ও বিজেপি কর্মীদের পাশে দাঁড়ালেন আরামবাগ পুরপ্রশাসক তথা আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন নন্দী। তাঁদের বন্ধ করে দেওয়া দুটি দোকান নতুন করে তিনি খোলালেন এবং ভাঙচুর হওয়া একটি দোকান পুনরায় চালু করার উদ্যোগ নিলেন। জানা গেছে, বৃহস্পতিবার কিছু যুবক আরামবাগ ৫ নম্বর ওয়ার্ডের দুই দোকানদার বিমল মন্ডল ও দিলীপ বেজকে জানায়, তাদের আর দোকান খোলা যাবে না। এছাড়াও তাদের সঙ্গে দেখা করার নির্দেশ দেয়। ওই দু’জনেরই ওই ওয়ার্ডের তালতলা বাজার এলাকায় দুটি স্টেশনারি দোকান আছে। এ বিষয়ে দোকান মালিক বিমল মন্ডল বলেন, আমি দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় সেবক সংঘের সদস্য। সংঘের নানান কাজের সঙ্গে জড়িত। পাশাপাশি আমি এই দোকান চালাই। আর সেজন্যই  কিছু যুবক আমার দোকানটি বন্ধ করে দেয়। এরপর আমি বিষয়টি আরামবাগ মহকুমা শাসক, আরামবাগ পুর প্রশাসক এবং ব্যবসায়ী সমিতিকে জানাই। তারপরেই আমাদের দোকান খোলার ব্যাপারে পুর প্রশাসক স্বপন নন্দী উদ্যোগ নেন। তিনি এদিন সকালে নিজে দাঁড়িয়ে থেকে দোকান খোলালেন। পাশাপাশি তিনি আর কোনরকম সমস্যা হলে তাঁকে জানানোর কথা বলেন। বিমলবাবু জানান এছাড়াও তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদবও ফোন করে তাঁকে আশ্বস্ত করেছেন। অন‍্যদিকে  নির্বাচনের ফল ঘোষণার পর কিছু ব্যক্তি আরামবাগ ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী গণেশ রাউতের গুমটি দোকানে ভাঙচুর করে। তারপর থেকেই ওই দোকানটি রাস্তার উপর উল্টে পড়েছিল। মঙ্গলবার সকালে পুর প্রশাসক স্বপন নন্দী জেসিবি মেশিন নিয়ে গিয়ে ওই দোকানটি পুনরায় বসানোর উদ্যোগ নেন। স্বপনবাবুর  এই উদ্যোগে আরামবাগের বিভিন্ন দোকান মালিক সহ সাধারন মানুষ ভীষণ খুশি। এ বিষয়ে পুর প্রশাসক স্বপন নন্দী বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার জানিয়ে দিয়েছেন অন্যায় ভাবে কারও দোকান বন্ধ করা যাবে না, ভাঙচুর করা যাবে না। কিন্তু কিছু যুবক সবুজ আবির নিয়ে তৃণমূলের নাম করে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য এইসব কাজ করেছে। যা কখনোই মেনে নেওয়া যায় না। তাই আমরা জানতে পেরেই এই সমস্ত দোকান খোলানোর ব্যবস্থা করেছি।

Loading