সোমালিয়া ওয়েব নিউজঃ আজ থেকে বিহারের পবিত্র ধর্মস্থল গয়াজিতে শুরু হল বিশ্ববিখ্যাত পিতৃপক্ষ মেলা মহাসঙ্গম। প্রতি বছরের মতো এবারও এই মহামেলায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য মানুষ তাঁদের প্রয়াত আত্মীয়-স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গয়ায় আসছেন তর্পণ করতে।
এই মহাসঙ্গমের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিধানসভার অধ্যক্ষ বিজয় কুমার সিনহা সহ বহু বিশিষ্ট রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব।
পবিত্র ফল্গু নদীর তীরে গয়া বহু যুগ ধরেই পিতৃপক্ষ তর্পণের অন্যতম কেন্দ্র হিসেবে গণ্য হয়ে এসেছে। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী, এই সময়কালে গয়ায় তর্পণ করলে মৃত পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করেন। গয়ার বিভিন্ন ঘাটে ইতিমধ্যেই জমে উঠেছে পূণ্যার্থীদের ভিড়।
মেলা প্রাঙ্গণে ভক্তদের জন্য বিশাল পরিসরে ত্রাণ, পানীয় জল, চিকিৎসা, বিশ্রামাগার এবং নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মহাসঙ্গম।
বিহার সরকার এবং গয়া পৌরসংস্থা যৌথভাবে এই পুণ্যোৎসবের আয়োজন করছে। নিরাপত্তা এবং পরিষেবা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ ও স্বেচ্ছাসেবক।
এই মহামেলায় শুধু ভারত নয়, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ফিজি, মরিশাস প্রভৃতি দেশ থেকেও ভক্তরা অংশ নিচ্ছেন, যা একে আন্তর্জাতিক ধর্মীয় মিলনমেলায় পরিণত করেছে।

![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড