ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত আরামবাগ মহকুমা প্রশাসন

সোমালিয়া সংবাদ, আরামবাগ: ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সবদিক দিয়ে তৈরি আরামবাগ মহকুমা প্রশাসন। শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার বিকেলে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে এক প্রশাসনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার শ্রী আমনদীপ, আরামবাগ মহকুমা শাসক নৃপেন্দ্র সিং, আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল ছাড়াও বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা। উল্লেখ্য, ইতিমধ্যেই আরামবাগ মহকুমার চারটি থানাতেই বিশেষ বিপর্যয় মোকাবিলা দল তৈরি করা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকম প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে রাখা হয়েছে। অন্যদিকে আরামবাগ মহকুমার ছটি ব্লকেই বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও আরামবাগ মহকুমা প্রশাসন ও আরামবাগ পুরসভার পক্ষ থেকেও কন্ট্রোল রুম চালু করা হয়েছে। মহকুমা প্রশাসন, প্রতিটি ব্লক প্রশাসন, প্রতিটি পঞ্চায়েত এবং পুরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন হেল্পলাইন চালু করা হয়েছে।  কোন সমস্যায় পড়লেই ওই ফোন নম্বরে যোগাযোগ করলে  সবরকম প্রশাসনিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে ব্লকে ব্লকে, পঞ্চায়েতে পঞ্চায়েতে সাধারণ মানুষকে ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করা হয়েছে। নদীবাঁধ তীরবর্তী মাটির বাড়িতে বসবাসকারী মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফ্লাড সেন্টার ও অন্যান্য সরকারি বিল্ডিং এবং বেশ কিছু স্কুলে তাঁদেরকে রাখা হয়েছে। করোনা সংক্রমণ এড়ানোর জন্য আগে থেকেই ওই সমস্ত বিল্ডিং স্যানিটাইজ করা হয়েছে। এ বিষয়ে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মন্ডল বলেন, সাধারণ মানুষের যেকোন সমস্যা মোকাবিলার জন্য প্রশাসন তৈরি রয়েছে। আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী জানান, পুর কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য পুরসভার পক্ষ থেকে আটটি দল তৈরি করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় জেসিবি মেশিন, অ্যাম্বুলেন্স ইত্যাদি তৈরি রাখা হয়েছে।

Loading