November 10, 2026

ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে নির্বাচন কমিশনের আশ্বাস — কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নীবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে আজ গুরুত্বপূর্ণ বার্তা দিল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন— “কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না।”

দু’দিনের সফরে রাজ্যের এসআইআর (Special Intensive Revision) প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে আসেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। কোলাঘাটে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক, পুলিশ সুপার, ইআরও, এইআরও, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি (ইলেকশন)। রাজ্যের তরফে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও অরিন্দম নিয়োগী।

বৈঠকে মূলত বুথ লেভেল অফিসারদের (BLO) ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিশদ আলোচনা হয়। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানান, এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ—তাদের মাধ্যমে ভোটার তালিকার সঠিকতা ও হালনাগাদ নিশ্চিত করা হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারে যে পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, পশ্চিমবঙ্গেও সেই একই মডেল অনুসরণ করা হবে। বৈঠক শেষে জ্ঞানেশ ভারতী স্পষ্টভাবে বলেন, “কমিশনের নির্দেশই চূড়ান্ত। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে জ্ঞানেশ ভারতী জানান, “আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব রাজ্যের প্রশাসনের। তবে কমিশন নিজস্ব নজরদারি চালিয়ে যাচ্ছে এবং প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে।”

দু’দিনের সফর শেষে কেন্দ্রীয় প্রতিনিধিদল দিল্লি ফিরে গেলেও, এসআইআর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে সে বিষয়ে এখনো কোনও ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন। তবে কমিশন সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

রাজনৈতিক মহলে এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। তবে কমিশনের এই স্পষ্ট বার্তা রাজ্যের ভোটারদের আশ্বস্ত করেছে যে, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়বে না—এটাই কমিশনের অঙ্গীকার।

Loading

You may have missed