February 4, 2026

রাজ্যের একশো দিনের প্রকল্পের নতুন নাম ‘মহাত্মা-শ্রী’

গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ

সোমালিয়া ওয়েব নিউজঃ একশো দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া রাজনৈতিক বার্তা দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো রাজ্যের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘কর্মশ্রী’-র নাম পরিবর্তন করে রাখা হল ‘মহাত্মা-শ্রী’। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের একশো দিনের প্রকল্পের বরাদ্দ থেকে বঞ্চিত রাজ্যের জব কার্ডধারী শ্রমিকদের ন্যূনতম কর্মসংস্থান নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রকল্প চালু করা হয়েছে। কেন্দ্র তাদের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়ার পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের একশো দিনের কাজের প্রকল্প মহাত্মা গান্ধীর নামেই পরিচালিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘মহাত্মা-শ্রী’ প্রকল্পের আওতায় মহাত্মা গান্ধী নরেগা প্রকল্পের জব কার্ডধারী প্রতিটি পরিবারকে বছরে অন্তত ১০০ দিনের মজুরিভিত্তিক কাজ দেওয়াই মূল লক্ষ্য। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের মাধ্যমে এই কাজগুলি বাস্তবায়িত হবে। মার্চ ২০২৪-এ জারি হওয়া পূর্ববর্তী বিজ্ঞপ্তির সব বিধান অপরিবর্তিত থাকছে; শুধুমাত্র প্রকল্পের নাম ও উদ্দেশ্য আরও স্পষ্ট করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০২৪-’২৫ অর্থবর্ষ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং বিভিন্ন দফতরের কাজের সঙ্গে জব কার্ডধারী শ্রমিকদের যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

নবান্নের বক্তব্য, নতুন নামকরণের মাধ্যমে প্রকল্পটির সঙ্গে মহাত্মা গান্ধীর আদর্শ ও গ্রামীণ স্বনির্ভরতার দর্শনকে আরও সরাসরি যুক্ত করার বার্তা দিতে চায় রাজ্য সরকার। কেন্দ্রের নরেগা প্রকল্পের কাঠামো ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেই রাজ্যের নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান নিশ্চিত করার পথে ‘মহাত্মা-শ্রী’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন।

রাজ্য সরকারের দাবি, কাজের সুযোগ বৃদ্ধি, নিয়মিত মজুরি প্রদান এবং গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে আগামী দিনে এই প্রকল্প আরও জোরদার করা হবে।

Loading