আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ সুপার
সোমালিয়া ওয়েব নিউজঃ বছরের একেবারে শেষ লগ্নে অনুষ্ঠিত হতে চলেছে ২০-তম বিশ্ব ডুয়ার্স উৎসব। এই উৎসবকে ঘিরে বিপুল দর্শক সমাগমের সম্ভাবনার কথা মাথায় রেখে নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ। সেই লক্ষ্যেই এবারের ডুয়ার্স উৎসবে প্রায় দুই হাজার পুলিশকর্মী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার ডুয়ার্স উৎসবের পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখতে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত। তিনি আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পুলিশ সুপার জানান, আগামী ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে ২০-তম বিশ্ব ডুয়ার্স উৎসব, যা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। এই দীর্ঘ সময়জুড়ে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার প্রায় এক হাজার পুলিশকর্মীর পাশাপাশি বাইরের জেলা থেকে আরও এক হাজার পুলিশ মোতায়েন করা হবে। উৎসব প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নজরদারি চালাতে সাদা পোশাকের মহিলা পুলিশও থাকবেন।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে আয়োজক কমিটিকে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আলোর ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, উৎসব চলাকালীন পুলিশের কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।
জেলা পুলিশের মতে, পর্যটন ও সংস্কৃতির এই বৃহৎ উৎসবে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আগাম প্রস্তুতি ও কড়া নিরাপত্তা ব্যবস্থাই এবছরের মূল লক্ষ্য। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ হবে বলেই আশা করা হচ্ছে।

![]()

More Stories
কলকাতা বিমানবন্দরে লোকসভার স্পিকার ওম বিড়লাকে উষ্ণ অভ্যর্থনা
পরিকাঠামো ও পানীয় জল প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ, নবান্নে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে জোর সময়সীমা ও গুণগত মানে
কাঁথিতে বিধানসভার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, উপস্থিত প্রাক্তন সাংসদ শিশির অধিকারী