সোমালিয়া ওয়েব নিউজঃ আফগানিস্তানে দীর্ঘমেয়াদে মানবিক ত্রাণ সহায়তা এবং স্বাস্থ্য সুরক্ষা ক্ষেত্রে ওষুধ সরবরাহ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত। সম্প্রতি আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মৌলবী নুর জালাল জালালির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা এই আশ্বাস দেন।
বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকের সময় আফগানিস্তানের হাতে ক্যান্সার চিকিৎসার গুরুত্বপূর্ণ ওষুধ এবং বিভিন্ন ভ্যাকসিন তুলে দেওয়া হয়। পাশাপাশি আফগান জনগণের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে ওষুধ ও টিকার পাশাপাশি একটি অত্যাধুনিক ১২৮-স্লাইস সিটি স্ক্যানার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে উভয় পক্ষই আফগানিস্তানের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি, চিকিৎসা পরিকাঠামোর সীমাবদ্ধতা এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় প্রবেশাধিকার নিয়ে আলোচনা করেন। জে পি নাড্ডা জানান, রাজনৈতিক পরিস্থিতি নির্বিশেষে মানবিকতার ভিত্তিতে আফগান জনগণের পাশে থাকা ভারতের নীতিগত অবস্থান এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১৬ থেকে ২১ তারিখ পর্যন্ত ভারত সফরে থাকা আফগান স্বাস্থ্যমন্ত্রী মৌলবী নুর জালাল জালালি এই সফরকালে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। ওই বৈঠকেও দু’দেশের মধ্যে মানবিক সহযোগিতা, স্বাস্থ্য ক্ষেত্রের সমন্বয় এবং ভবিষ্যৎ সহায়তা নিয়ে মতবিনিময় হয়।
কূটনৈতিক মহলের মতে, এই উদ্যোগ শুধু স্বাস্থ্য সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আফগান জনগণের সঙ্গে ভারতের ঐতিহাসিক বন্ধন ও মানবিক দায়বদ্ধতার প্রতিফলন। দীর্ঘমেয়াদে এই সহায়তা আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী