কলকাতা জিপিও-তে আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত ডাক বিভাগের শীর্ষ আধিকারিকরা
সোমালিয়া ওয়েব নিউজঃ গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে প্রকাশিত হল একটি বিশেষ স্মারক ডাক কভার। মঙ্গলবার কলকাতার ঐতিহাসিক জেনারেল পোস্ট অফিস (জিপিও)-এ আয়োজিত এক অনুষ্ঠানে “গঙ্গাসাগর মেলা—ঐতিহ্য, ভক্তি, আবেগ ও আধ্যাত্মিক বিশ্বাসের মিলনস্থল” শীর্ষক এই বিশেষ ডাক কভারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় ডাক বিভাগের ডিরেক্টর জেনারেল জিতেন্দ্র গুপ্ত।
উদ্বোধনী ভাষণে জিতেন্দ্র গুপ্ত বলেন, গঙ্গাসাগর মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভারতের বহুযুগের আধ্যাত্মিক চেতনা, লোকসংস্কৃতি ও সামাজিক ঐক্যের প্রতীক। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে পুণ্যস্নান এবং কপিল মুনির আশ্রমে শ্রদ্ধা নিবেদন করার যে প্রাচীন ঐতিহ্য চলে আসছে, তা দেশের সাংস্কৃতিক উত্তরাধিকারের এক অনন্য নিদর্শন। এই ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতেই ডাক বিভাগের তরফে এই বিশেষ ডাক কভার প্রকাশ করা হয়েছে।
ডাক বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষ এই কভারে গঙ্গাসাগর মেলার ধর্মীয় ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। কভারের নকশায় গঙ্গা–সাগরের সঙ্গমস্থল, কপিল মুনির আশ্রম, পুণ্যস্নানে ব্যস্ত সাধু-সন্ন্যাসী ও পূর্ণার্থীদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি গঙ্গাসাগর মেলার সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বাস, আবেগ ও ভক্তির বার্তাও কভারের মাধ্যমে দেশ-বিদেশের ডাকপ্রাপকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চীফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। তিনি বলেন, গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। প্রতি বছর লক্ষ লক্ষ পূর্ণার্থী এই মেলায় অংশগ্রহণ করেন। বিশেষ ডাক কভার প্রকাশের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলার গুরুত্বকে জাতীয় স্তরে আরও তুলে ধরা সম্ভব হবে।
এছাড়াও অনুষ্ঠানে ডাক বিভাগের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক, কর্মী এবং ফিলাটেলি অনুরাগীরা উপস্থিত ছিলেন। তাঁরা এই উদ্যোগকে ঐতিহ্য সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
ডাক বিভাগ জানিয়েছে, গঙ্গাসাগর মেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত এই বিশেষ ডাক কভার সীমিত সংখ্যায় উপলব্ধ থাকবে এবং রাজ্যের বিভিন্ন ফিলাটেলি ব্যুরো ও নির্বাচিত ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, প্রতি বছর মকর সংক্রান্তির সময়ে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে অনুষ্ঠিত এই মেলাকে কেন্দ্র করে ধর্ম, সংস্কৃতি ও মানবিক মিলনের এক বিরাট ক্ষেত্র তৈরি হয়। সেই ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ করতেই এই বিশেষ ডাক কভার প্রকাশ করা হয়েছে।



![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের