September 20, 2026

ভোটের বাংলায় কমিশনের কড়া দাওয়াই: অবাধ্য হলেই কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন কড়া অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসনের সব স্তরের পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, নির্বাচনের সময় রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী আদতে কমিশনের অধীনেই কাজ করেন এবং তাঁদের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে কমিশনেরই, তাই কর্তব্যে কোনো প্রকার গাফিলতি বা পক্ষপাতিত্ব ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে সরাসরি কঠোর আইনি ও শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে কমিশন। এই নির্দেশ কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবেও কঠোরভাবে পালন করার বার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পশ্চিমবঙ্গের সমস্ত মহকুমা পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা নিজ নিজ সংলগ্ন মহকুমা ও জেলার পুলিশ-প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় বৈঠক করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদান নিশ্চিত করেন। প্রতিটি থানার ওসিদের মাধ্যমে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলির অশান্তিপ্রবণ এলাকা এবং গত নির্বাচনে অপরাধে লিপ্ত থাকা ‘গুন্ডা ও দুষ্কৃতীদের’ দ্রুত চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত অপরাধীর বিরুদ্ধে জামিনঅযোগ্য পরোয়ানা জারি হয়ে রয়েছে, আগামী ১০ দিনের মধ্যে তাদের গ্রেফতার নিশ্চিত করতে হবে এবং বকেয়া পরোয়ানাগুলো কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে মহকুমা পুলিশ আধিকারিকদের ওপর। এর পাশাপাশি গত নির্বাচনের সময় নথিভুক্ত হওয়া সমস্ত অপরাধমূলক মামলার তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। পলাতক ও ঘোষিত অপরাধীদের তালিকা তৈরি করে তাদের ধরতে বিশেষ অভিযান চালানোর পাশাপাশি প্রয়োজনে লুকআউট সার্কুলার জারি করার নির্দেশ দিয়ে কমিশন মূলত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাইছে।

Loading