September 20, 2026

বিধানসভা ভোটে কড়া নজরদারি, থানাগুলিকে ১৬ দফা নির্দেশ নির্বাচন কমিশনের

সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত থানার উদ্দেশে ১৬ দফা নির্দেশিকা জারি করেছে।

নির্দেশিকায় বলা হয়েছে, হোটেল, লজ ও ধর্মশালাগুলিতে নিয়মিত তল্লাশি চালাতে হবে এবং নির্বাচন পর্যবেক্ষক থেকে শুরু করে নির্বাচনকর্মী—সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এছাড়া, নির্বাচন সংক্রান্ত কোনও অপরাধের খবর পাওয়া মাত্রই পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ও রাজ্যের সংযোগস্থলে নাকা চেকিং ২৪ ঘণ্টা চালু রাখতে হবে বলেও জানানো হয়েছে।

সব প্রধান রাস্তা ও সংযোগকারী রাস্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখার পাশাপাশি নাকা পয়েন্টে গাড়ি তল্লাশি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, নাকা পয়েন্টে সিসিটিভি ক্যামেরা সবসময় সচল রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকা ও মাদক পাচারের সঙ্গে যুক্ত অঞ্চলগুলিতে বিশেষ নজরদারি ও টহল চালানোর ওপর জোর দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Loading