সোমালিয়া ওয়েব নিউজঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র উপস্থিতিতে গত বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রোডশো ও মনোনয়ন পর্ব চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশে চারজন পুলিশ আধিকারিককে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি-II) সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়।
সূত্রের খবর, রোডশো চলাকালীন নিরাপত্তা বলয় যথাযথভাবে বজায় রাখা হয়নি এবং জনসমাগম নিয়ন্ত্রণেও ঘাটতি ছিল। একজন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের নিরাপত্তা ত্রুটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে কমিশন।
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সমস্ত প্রশাসনিক ও পুলিশ আধিকারিক কমিশনের সরাসরি নিয়ন্ত্রণে থাকেন। ফলে দায়িত্বে অবহেলা বা গাফিলতির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি রাজনৈতিক মহলেও ব্যাপক আলোড়ন ফেলেছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়া করার ইঙ্গিত মিলছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ