সোমালিয়া ওয়েব নিউজ যেকোনো সমস্যায় পাশে দাঁড়িয়েছিলেন, প্রাকৃতিক বিপর্যয়ের সময় সবরকমভাবে সাহায্য করেছেন, কোন অসুবিধা হলেই এলাকায় ছুটে গেছেন। তাই এরকম একজন কাজের মানুষ বিডিওকে কোনভাবেই বদলি করা যাবে না, এই দাবি নিয়ে গ্রামবাসীরা বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে সামিল হলেন গোঘাট দু’নম্বর ব্লক অফিসে। কয়েকশো মানুষ ব্যানার-পোস্টার নিয়ে হাজির হয়েছিলেন। সেখানে লেখা ছিল ‘কাজের মানুষ বিডিও অভিজিৎ হালদারকে পরিবর্তন করা চলবে না’। এ ব্যাপারে তাঁরা লিখিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন বলেও জানান। উল্লেখ্য, অভিজিতবাবু বছর দুই আগে এই ব্লকের বিডিও হিসেবে যোগদান করেন। তারপর থেকেই তিনি তাঁর কাজের মধ্য দিয়ে এলাকার মানুষের মন জয় করে নেন। কিন্তু সোমবার দিন তাঁর বদলির নির্দেশ আসে। তাঁর পদোন্নতি ঘটিয়ে তাঁকে উত্তর দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট করা হয়। আর এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা মানসিকভাবে ভেঙে পড়েন। আব্দুর রহিম চৌধুরী, লালচাঁদ গায়েন, কেরামিন মন্ডল প্রমুখরা বলেন, করোনা পরিস্থিতির প্রথম পর্যায় থেকেই তিনি গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষকে সচেতন করেছেন, আক্রান্ত রোগীদের পাশে থেকে সব সময় সাহস যুগিয়েছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন, দুঃস্থ পরিবারগুলির কাছে খাবার পৌঁছে দিয়েছেন। এমনকি সম্প্রতি ইয়াস ঘূর্ণিঝড়ের সময়ও সারারাত জেগে অঞ্চলে অঞ্চলে ঘুরেছেন। নিজে মাইক হাতে এলাকার মানুষকে সচেতন করেছেন। এছাড়াও যেকোন সমস্যায় তাঁকে আমরা পাশে পাই। তিনি আন্তরিকভবে গ্রামবাসীদের সহযোগিতা করে থাকেন। তাই এরকম একজন অফিসারকে আমরা চলে যেতে দিতে চাই না। আমরা চাই তিনি এই ব্লকে থাকুন। তাহলে আমাদের মত সাধারন গ্রামবাসীরা ভীষণভাবে উপকৃত হবেন। এই দাবি নিয়ে বিভিন্ন গ্রামের বাসিন্দারা এদিন কামারপুকুর চটি মোড়ে কিছুক্ষণ পথ অবরোধ করেন। তবে পুলিশ পৌঁছে তাঁদেরকে বুঝিয়ে অবরোধ তোলার ব্যবস্থা করে। এ বিষয়ে বিদায়ী বিডিও অভিজিৎ হালদার বলেন, ওনাদের এই দাবিতে আমি আপ্লুত, অভিভূত। সবসময় গ্রামের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ওনারাও আমাকে সবসময় সবরকমভাবে সাহায্য করেছেন। তাই হয়তো আবেগ থেকে ওনারা এই দাবি জানিয়েছেন। তবুও ওনাদের এই আবেগকে সম্মান জানিয়ে বলছি, সরকারি নির্দেশ সকলকেই মানতে হবে। তাই নতুন বিডিও এসে পৌঁছালেই তাঁকে দায়িত্বভার বুঝিয়ে আমাকে যেতে হবে। গ্রামবাসীদের সঙ্গে দেখা করে আমি সমস্ত বিষয়টা বুঝিয়ে বলেছি।
![]()

More Stories
আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড জিতল গোঘাটের রঘুবাটির খুদে শিল্পী অদিতি
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল