একাধিক বুথে পুনর্নির্বাচনের নির্দেশ

সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ একাধিক বুথে অনিয়মের অভিযোগের জেরে পুনর্নির্বাচনের নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। আজ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ১৪২ নম্বর মগরাহাট পশ্চিম এবং ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের কিছু নির্দিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটগ্রহণে বিভিন্ন রিটার্নিং অফিসার ও নির্বাচন পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে কিছু গুরুতর অসংগতি সামনে আসে। সেই প্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ৫৮(২) ধারায় ওইসব বুথের ভোটগ্রহণ বাতিল ঘোষণা করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ২ মে (শনিবার) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪২ নম্বর মগরাহাট পশ্চিম কেন্দ্রে ১১টি এবং ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার কেন্দ্রে ৪টি ভোটকেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। মগরাহাট পশ্চিম কেন্দ্রে যেসব বুথে পুনর্নির্বাচন হবে, তার মধ্যে উল্লেখযোগ্য—উত্তর ইয়ারপুর ফ্রি প্রাইমারি স্কুল, নাজরা ফ্রি প্রাইমারি স্কুল, দেউলা ফ্রি প্রাইমারি স্কুল, ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা, একতারা মালয়া প্রাইমারি স্কুল এবং বাহিরপুয়া কুরকুরিয়া ফ্রি প্রাইমারি স্কুলসহ একাধিক কেন্দ্র। অন্যদিকে, ডায়মন্ড হারবার কেন্দ্রে বাগদা জুনিয়র হাই স্কুল, চান্দা ফ্রি প্রাইমারি স্কুল, হরিদেবপুর ফ্রি প্রাইমারি স্কুল এবং রয়নগর ফ্রি প্রাইমারি স্কুলে পুনরায় ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে, যাতে পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুনর্নির্বাচনের দিন কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।

Loading