February 4, 2026

মর্মান্তিক দুর্ঘটনা: একজনকে বাঁচাতে কুয়োতে পড়লেন ৪০ জন, মৃত ৪, নিখোঁজ ১৩

বিদিশা, মধ্যপ্রদেশ: একজনকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে গেলেন কমপক্ষে ৪০ জন। ইতিমধ্যেই চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশায়। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে,  ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। গজবাসোদার লাল পাঠান ক্ষেত্রে এদিন একটি কুয়োতে পড়ে যায় আট বছরের এক বালিকা। তখন তাঁকে উদ্ধারের চেষ্টায় কুয়োর পাড়ে ভিড় করেন বহু মানুষ। কুয়োর রেলিংয়ে সে সময় এতটাই চাপ পড়ে যে, তা ভেঙে যায়। অন্তত ৪০ জন কুয়োটিতে পড়ে যান বলে অনুমান। ঘটনার পর খবর পেয়ে সেখানে পৌঁছয় এনডিআরএফ আর এসডিআরএফ দল। প্রতিকূলতার মধ্যেও উদ্ধারকাজে নেমে পড়ে তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন এখনও পর্যন্ত ২৩ জন। শুক্রবার দুপুর পর্যন্ত নিখোঁজ আছেন ১৩ জন। তাঁদের খুঁজে বের করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। কীভাবে কুয়োটি ধসে পড়ল, আগাম কোনও আশঙ্কা ছিল কিনা, সেই বিষয়গুলি ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে প্রশাসন। একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে। কিভাবে একসঙ্গে এত লোক ওই কুয়োর পাশে হাজির হল তাও খতিয়ে দেখছে প্রশাসন। স্থানীয় ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কিনা সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া কুয়োটি কি অবস্থায় ছিল অর্থাৎ তা ব্যবহারের যোগ্য ছিল কিনা এবং কতদিনের পুরনো সে ব্যাপারেও তদন্ত শুরু হয়েছে।

Loading