বাংলার পালাবদলের পর সমাজে ঐক্য বজায় রাখার ডাক

সোমালিয়া ওয়েব নিউজ: কলকাতার ভারত সেবাশ্রম সংঘ-এর পক্ষ থেকে প্রকাশিত এক বিশেষ শান্তি-বার্তা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সমাজ ও রাজনৈতিক মহলে। সংঘের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এই বিবৃতিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে শান্তি, সম্প্রীতি এবং সামাজিক ঐক্যের আহ্বান জানানো হয়েছে।

সংঘের প্যাডে প্রকাশিত বিবৃতিতে প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ-এর আদর্শ ও বাণী স্মরণ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, দেশ ও সমাজের সঙ্কটকালে সংগঠিত শক্তি, আত্মত্যাগ এবং ধর্মীয়-সামাজিক চেতনার গুরুত্ব সম্পর্কে তিনি বহু আগেই সতর্কবার্তা দিয়েছিলেন। তাঁর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে—“হিন্দুর বিদ্যা আছে, বল আছে, কিন্তু নেই সংগঠন শক্তি।”

বিবৃতিতে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গও উঠে এসেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলকে উল্লেখ করে বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর বহু মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের একটি অধ্যায় শুরু হয়েছে। সেই আবহে সংঘের তরফে সাধারণ মানুষকে সংযম, সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, রাজনৈতিক হানাহানি, বিদ্বেষ ও প্রতিহিংসা থেকে দূরে থেকে সমাজ গঠনের কাজে মনোনিবেশ করা উচিত। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলার মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বার্তাই তুলে ধরা হয়েছে। সংঘের বিভিন্ন শাখা, ছাত্রাবাস, হিন্দু মিলন মন্দির ও সেবাকেন্দ্রকে নিজেদের এলাকায় শান্তি ও সামাজিক ঐক্য বজায় রাখার দায়িত্ব নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এছাড়াও আগামী দিনে গ্রামে গ্রামে পূজার্চনা, সাধু-সম্মেলন ও শান্তিযজ্ঞের মাধ্যমে আধ্যাত্মিক ও সামাজিক চেতনা জাগিয়ে তোলার কথাও উল্লেখ রয়েছে ওই বিবৃতিতে। ধর্মকে কেবল আচারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজকল্যাণ ও মানবসেবার সঙ্গে যুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে।

সংঘের সভাপতি স্বামী মাধবানন্দ এবং প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ-এর স্বাক্ষরিত এই শান্তি-বার্তা ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক পালাবদলের আবহে ধর্মীয় ও সামাজিক সংগঠনের এই ধরনের আহ্বানকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।

Loading