শিক্ষক-পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তে ছাড়পত্র, জিরো টলারেন্সের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে শিক্ষক নিয়োগ, পুরসভা নিয়োগ এবং সমবায় ক্ষেত্রের একাধিক দুর্নীতির অভিযোগে এবার সিবিআই তদন্তের পথে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের রক্ষা করতেই সিবিআই-এর দায়ের করা একাধিক মামলার অনুমোদন দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল। বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগে অনিয়ম এবং সমবায় ক্ষেত্রের আর্থিক দুর্নীতির মতো ঘটনায় তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “আমাদের সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে রক্ষা করার জন্য তদন্ত আটকানো হবে না। তাই সিবিআই-কে তদন্তের সম্পূর্ণ অনুমতি দেওয়া হচ্ছে।”

মুখ্যমন্ত্রীর দাবি, প্রশাসনের স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন দফতরে নিয়োগ সংক্রান্ত অভিযোগ, আর্থিক লেনদেনে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলি নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করবে রাজ্য সরকার।

রাজনৈতিক মহলে এই ঘোষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে বিরোধীরা অভিযোগ করে আসছিল, তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হচ্ছে এবং দুর্নীতির সঙ্গে যুক্ত প্রভাবশালীদের আড়াল করা হচ্ছে। নতুন সরকারের এই পদক্ষেপের ফলে একাধিক পুরনো মামলায় তদন্তের গতি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Loading