সোমালিয়া ওয়েব নিউজ: গোঘাট থেকে আরামবাগ—রেশন ডিলারদের দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও আতঙ্ক এবার প্রকাশ্যে। নির্বাচনী প্রচারের সময়ই গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার রেশন ডিলারদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, প্রশাসনিক চাপ ও দুর্নীতির জেরে আর কোনও রেশন ডিলার যেন আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য না হন। সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতেই এখন নতুন করে সরব হয়েছেন বিজেপি নেতা তথা রেশন ডিলার সংগঠনের অন্যতম মুখ শেখ মানোয়ার আলী। তিনি দুয়ারের রেশনের বিরুদ্ধে মামলাও করেছেন। তিনি নিজেও একজন রেশন ডিলার। ফলে মাটির স্তরের বাস্তব সমস্যাগুলি তিনি কাছ থেকে দেখেছেন বলেই দাবি করেছেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন ডিলারদের উপর একের পর এক প্রশাসনিক চাপ, অস্বচ্ছ হিসাবের বোঝা, নেটওয়ার্ক বিভ্রাট, স্টকের গরমিল এবং আধিকারিকদের ভয় দেখানোর রাজনীতি চালানো হয়েছে। অথচ সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই রেশন ডিলাররাই। শেখ মানোয়ার আলী স্পষ্ট জানিয়েছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রেশন ব্যবস্থার অস্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে “ভুতুড়ে স্টক” দেখিয়ে ডিলারদের ফাঁসানো, সময়মতো কমিশন না দেওয়া, তোলাবাজির অভিযোগ, ওজনের গরমিল এবং নিম্নমানের আটা সরবরাহের মতো বিষয়গুলিকে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। তাঁর দাবি, নিম্নমানের আটার বদলে সরাসরি গম সরবরাহ করা হোক যাতে সাধারণ মানুষও ভালো মানের খাদ্য পায় এবং ডিলারদেরও অযথা অভিযোগের মুখে পড়তে না হয়। তিনি আরও বলেন, রেশন সামগ্রী আধুনিক পদ্ধতিতে প্যাকেজিং করে বিতরণ করা হলে চুরি, অপচয় ও ওজন সংক্রান্ত বহু সমস্যা কমবে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বহু ক্ষেত্রে কিছু অসাধু চক্র রেশন ডিলারদের কাছ থেকে তোলাবাজি চালায় এবং প্রশাসনের একাংশ সেই চাপকে নীরবে প্রশ্রয় দেয়। এই পরিস্থিতিতে বহু ডিলার চরম মানসিক অবসাদে ভুগছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে তিনি তুলে ধরেছেন রেশন ডিলারদের আত্মহত্যার ঘটনা। তাঁর বক্তব্য, “একজন রেশন ডিলার দিনের পর দিন প্রশাসনিক চাপ, লোকসানের বোঝা ও অপমান সহ্য করে যখন আত্মহত্যা করতে বাধ্য হন, তখন সেটা শুধু ব্যক্তিগত মৃত্যু নয়—পুরো ব্যবস্থার ব্যর্থতা।” তিনি আশ্বাস দিয়েছেন যে, রেশন ডিলারদের সমস্ত সমস্যার কথা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরবেন। শুধু আশ্বাস নয়, বাস্তব সমাধান চাইছেন রেশন ডিলাররা। কারণ তাঁদের দাবি—যারা মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেন, তাঁদেরই যদি নিরাপত্তা, সম্মান ও ন্যায্য প্রাপ্য না থাকে, তাহলে জনবণ্টন ব্যবস্থার ভিত একদিন ভেঙে পড়বে।


![]()

More Stories
ডিজিটাল পরিষেবায় নতুন উদ্যোগ, বনগাঁর বিধায়ক তথা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার ওয়েবসাইট চালু
তারাতলা বিপর্যয়ের পর নির্মাণ শ্রমিকদের পাশে রাজ্য, বিল্ডার্সদের মানবিক উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সরকারি ছুটির দিনেও অফিসে ‘স্কেলিটন স্টাফ’ রাখার নির্দেশ, নবান্নের নতুন নির্দেশিকা ঘিরে জোর চর্চা