সোমালিয়া ওয়েব নিউজ: ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার রাঁচিতে ঝাড়খণ্ড পুলিশের কাছে একযোগে আত্মসমর্পণ করল মোট ২৭ জন মাওবাদী। রাজ্যের ডিজিপি তদাশা মিশ্রের উপস্থিতিতে তারা অস্ত্র ত্যাগ করে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নেয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।আত্মসমর্পণকারী মাওবাদীরা নিষিদ্ধ ঘোষিত সিপিআই (মাওবাদী)-এর সদস্য বলে জানা গেছে। এদিন ঝাড়খণ্ড পুলিশ, ঝাড়খণ্ড জাগুয়ার এবং সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকদের সামনেই তারা আত্মসমর্পণ করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপারেশন নবজীবন’-এর আওতায় এই আত্মসমর্পণ হয়েছে। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, “এখনও পর্যন্ত ২০২৬ সালে ২২ জন মাওবাদী নিহত হয়েছে, ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ২৯ জন আত্মসমর্পণ করেছে। যারা এখনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরও মূলস্রোতে ফিরে আসার আবেদন জানানো হচ্ছে।” ঝাড়খণ্ডের ডিজিপি তদাশা মিশ্র বলেন, “রাজ্যে চরমপন্থা নির্মূলে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান ভবিষ্যতেও চলবে। আত্মসমর্পণকারী ২৭ জনকে পুনর্বাসনের জন্য সবরকম সহায়তা করা হবে।” অন্যদিকে, সিআরপিএফের আইজি সাকেত সিংও বাকি মাওবাদীদের হিংসার পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানান। তাঁর কথায়, “যারা এখনও আত্মসমর্পণ করেনি, তাদের কাছে আবেদন—হিংসার পথ ত্যাগ করে সাধারণ জীবনে ফিরে আসুন।”


![]()

More Stories
রাজ্যের সব গণপরিবহণে ভিএলটিডি ও প্যানিক বাটন বাধ্যতামূলক, ৩০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট চাইল পরিবহণ দফতর
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস
দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা ও যাত্রী পরিষেবা উন্নয়নে নতুন নির্দেশ কেন্দ্রের