September 19, 2026

‘খেত বাঁচাও অভিযান’-এ উপকৃত প্রায় ২ কোটি ৭১ লক্ষ মানুষ, জানাল কেন্দ্র

সোমালিয়া ওয়েব নিউজ: কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রকের উদ্যোগে চালু হওয়া ‘খেত বাঁচাও অভিযান’-এর মাধ্যমে দেশের প্রায় ২ কোটি ৭১ লক্ষ নাগরিক উপকৃত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্র। মাটির স্বাস্থ্য রক্ষা, পরিমিত সারের ব্যবহার এবং স্থিতিশীল কৃষিকাজ সম্পর্কে কৃষকদের সচেতন করতেই এই বিশেষ অভিযান নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় দেশজুড়ে মোট ১২ হাজার ৯৭৯টি সচেতনতা শিবির বা ক্যাম্প আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিগুলিতে প্রায় ৭ লক্ষ ১৭ হাজার কৃষক অংশগ্রহণ করেছেন। মন্ত্রকের দাবি, আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিত করার ফলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাটির উর্বরতা বজায় রাখতেও ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার কমিয়ে সুষম চাষাবাদের উপর জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে, যাতে দেশের আরও বেশি সংখ্যক কৃষক উপকৃত হতে পারেন।

Loading