সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এলাকায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতদের নাম শেখ মুরশালিন ও গৌতম খাঁড়া। দু’জনেই ক্ষিরাই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মোবাইল সিম কার্ডের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরবরাহ করতেন তারা। অভিযোগ, সেই ওটিপির মাধ্যমেই বিভিন্ন ডিজিটাল অ্যাকাউন্ট ও যোগাযোগ ব্যবস্থার অপব্যবহার করা হতো। এর বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ পেতেন ধৃত দুই যুবক।গত মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসটিএফ। অভিযানের সময় ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল সিম কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান, দীর্ঘদিন ধরেই একটি চক্রের মাধ্যমে এই কাজ চলছিল।ধৃতদের ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে খবর। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগের ধরন কী ছিল এবং আর কোনও তথ্য পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে সাইবার মাধ্যমে তথ্য আদানপ্রদান ও ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে গুপ্তচরবৃত্তির ঘটনা ক্রমশ বাড়ছে। বিশেষ করে মোবাইল সিম, ওটিপি ও ডিজিটাল ভেরিফিকেশন ব্যবস্থাকে কাজে লাগিয়ে নানা ধরনের বেআইনি কার্যকলাপ চালানোর চেষ্টা করছে আন্তর্জাতিক চক্রগুলি। ফলে সাধারণ মানুষকেও আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ধৃতদের এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার খবর শুনে বিস্ময় প্রকাশ করেছেন।

![]()

More Stories
কলকাতা মেট্রোর ব্লু লাইনে সবুজ প্রযুক্তির ছোঁয়া, কমবে ৫০ হাজার টন কার্বন নিঃসরণ
অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ, “ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট” নীতিতে এগোচ্ছে রাজ্য সরকার
সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ, বিএসএফ-কে আরও জমি হস্তান্তর রাজ্য সরকারের