September 19, 2026

উত্তরবঙ্গে দু’দিনের মধ্যে বর্ষার আগমন, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে বর্ষার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যেই উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। এর জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আজ থেকে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিভিন্ন জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে আগামী ১০ ও ১১ জুন থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় ক্ষেত্রেই বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে গরমের তীব্রতা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না।

সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে আরও সতর্কবার্তা জারি করা হবে।

এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। ফলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে আপাতত সম্পূর্ণ স্বস্তি মিলবে না।

Loading