সোমালিয়া ওয়েব নিউজ: গ্রামবাংলায় তিল কে অনেকেই ‘গরিবের পোস্ত’ বলে থাকেন। পুষ্টিগুণে ভরপুর তিল শুধু খাদ্য হিসেবেই নয়, তিলের তেল, ওষুধ প্রস্তুত ও প্রসাধনী সামগ্রী তৈরিতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তিলের বাটা দিয়ে তৈরি পোস্ত বাটি, তিল বড়া, লাউ শাক দিয়ে তিল নানা পদও গ্রামীণ বাংলায় বেশ জনপ্রিয়। বিভিন্ন মিষ্টান্নতেও তিলের ব্যবহার আছে। পুষ্টিগুণের দিক থেকে এবং ওজন কমাতেও তিল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। অন্যদিকে পোস্তর দাম বর্তমানে প্রতি কেজি প্রায় ২০০০ টাকার কাছাকাছি হওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। ফলে অনেক পরিবারেই পোস্তর বিকল্প হিসেবে তিলের ব্যবহার বেড়েছে। হুগলির গোঘাট এলাকায় জমি থেকে আলু তোলার পর বিপুল পরিমাণ জমিতে তিল চাষ করা হয়। কৃষকদের দাবি, গত কয়েক বছরের তুলনায় চলতি মরশুমে তিলের ফলন বেশ ভালো হয়েছে। আলু চাষে ক্ষতির মুখে পড়া বহু কৃষক এখন তিলের উপর ভরসা করে কিছুটা লাভের আশা দেখছেন। গোঘাটের শীতনগর গ্রামের তিলচাষি মধুমঙ্গল রানা জানান, “তিল হল গরিবের পোস্ত। এ বছর ফলন ভালো হয়েছে। তবে আগাছার সমস্যা খুবই বেশি। আগাছা দমনের জন্য কার্যকর ওষুধ সহজে পাওয়া যাচ্ছে না। ফলে চাষের খরচ ও শ্রম দুটোই বাড়ছে।” একই সমস্যার কথা তুলে ধরেছেন প্রভাত লঙ্কাবেরিয়া গ্রামের কৃষক নিখিল মুদি। তিনি বলেন, “এ বছর জমিতে ‘মুরগি ঝোটন’ নামে এক ধরনের ফুলজাতীয় আগাছা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এতটাই বেড়ে গিয়েছে যে তিল গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং ফসল কাটার সময়ও সমস্যা তৈরি করছে। এই আগাছার বীজ জমিতে পড়ে প্রতি বছর আরও বেশি সংখ্যায় জন্মাচ্ছে। এর স্থায়ী সমাধান না হলে আগামী দিনে তিল চাষ বড় সমস্যার মুখে পড়বে।” কৃষকদের এই অভিযোগের প্রেক্ষিতে গোঘাট কৃষি দপ্তরের আধিকারিক দুলাল মুদি জানান, তিল বপনের সময়ই বিশেষ ধরনের আগাছানাশক প্রয়োগ করতে হবে। এছাড়া তিল গাছ কিছুটা বড় হওয়ার পরেও যদি আগাছা দেখা যায়, তাহলে সেগুলি হাতে তুলে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, সঠিক সময়ে আগাছা নিয়ন্ত্রণ করা গেলে ফলন আরও বৃদ্ধি পাবে। কৃষি বিশেষজ্ঞদের মতে, তিল একটি কম খরচের অথচ লাভজনক তৈলবীজ ফসল। বাজারে তিল ও তিল তেলের চাহিদা ক্রমশ বাড়ছে। তাই আগাছা সমস্যার কার্যকর সমাধান করা গেলে গোঘাটসহ রাজ্যের বিভিন্ন এলাকায় তিল চাষ কৃষকদের জন্য আরও লাভজনক হয়ে উঠতে পারে।


![]()

More Stories
গোঘাটের বাজুয়াতে ক্ষেত বাঁচাও কর্মসূচি
হুগলি জেলায় আজ থেকে শুরু হচ্ছে HPV টিকাকরণ অভিযান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বড় উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের
আনুড় গ্রামের শ্রীশ্রী বিশালাক্ষী মায়ের আবির্ভাব ও মাহাত্ম্য: ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ঘিরে এক পবিত্র ইতিহাস