প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা

সোমালিয়া ওয়েব নিউজ: একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আজ হুগলির তারকেশ্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি “উন্নয়নের দ্রুত ট্র্যাকে পশ্চিমবঙ্গ” শীর্ষক উদ্যোগের অধীনে প্রায় ৮২০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী প্রায় ৫৯০ কোটি টাকা ব্যয়ের একাধিক রেল পরিকাঠামো প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে হাওড়ায় প্রায় ৯৯ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৩০০ শয্যাবিশিষ্ট নতুন বিভাগীয় রেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আধুনিক ডায়াগনস্টিক ব্যবস্থা, উন্নত চিকিৎসা পরিষেবা এবং বিশেষায়িত ক্লিনিকাল সুবিধাসম্পন্ন এই হাসপাতাল রেলকর্মী, পেনশনভোগী এবং তাঁদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

এছাড়া পূর্ব মেদিনীপুরের হাউর ও রাধামোহনপুরের মধ্যে ৭১ কোটি টাকা ব্যয়ে একটি রোড ওভার ব্রিজ (আরওবি)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়িত হলে যানজট কমার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহণ আরও সহজ হবে। একইসঙ্গে ৪২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাওড়ার সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন তিনি। এর ফলে ট্রেন চলাচলের সক্ষমতা বৃদ্ধি, যাতায়াতের সময় হ্রাস এবং আঞ্চলিক পরিবহণ ব্যবস্থার উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।

কৃষিক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করবেন প্রধানমন্ত্রী। তিনি দেশজুড়ে পিএম-কিষাণ সম্মান নিধির ২৩তম কিস্তির অর্থ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করবেন। পাশাপাশি পশ্চিমবঙ্গে ডিজিটাল এগ্রিকালচার মিশন, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া-ভিত্তিক ফসল বিমা প্রকল্প চালু করা হবে। টেকসই কৃষির লক্ষ্যে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এবং উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ধান-ধান্য কৃষি যোজনারও সূচনা করবেন।

গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (পিএমজিএসওয়াই-৩)-এর অধীনে বিভিন্ন জেলায় নির্মিত ৩১৫ কিলোমিটারেরও বেশি নতুন গ্রামীণ রাস্তার উদ্বোধন করবেন। এর ফলে গ্রামাঞ্চলের সঙ্গে শহরের অর্থনৈতিক কেন্দ্রগুলির যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

পশুপালন ও মৎস্য খাতের উন্নয়নেও একাধিক প্রকল্পের উদ্বোধন করা হবে। নদিয়ার হরিণঘাটায় অত্যাধুনিক ছাগলের বীর্য উৎপাদন পরীক্ষাগার ও বীর্য ব্যাঙ্ক চালু করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে সম্প্রসারিত আধুনিক মৎস্য বন্দর এবং বীরভূমের সাঁইথিয়ায় আধুনিক মাছ বাজারের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে রেল, কৃষি, গ্রামীণ উন্নয়ন, পশুপালন এবং মৎস্য খাতে একাধিক প্রকল্পের মাধ্যমে রাজ্যের আর্থ-সামাজিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Loading