সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়ন এবং নিরাপদ পানীয় জল পরিষেবার প্রকল্পগুলি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যেই নবান্নে গতকাল পূর্ত (সড়ক) বিভাগ এবং জনস্বাস্থ্য কারিগরি (পি.এইচ.ই.) দপ্তরের পৃথক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং দুই দপ্তরের শীর্ষ আধিকারিকরা।
পূর্ত দপ্তরের সড়ক বিভাগের বৈঠকে জাতীয় সড়ক প্রকল্পগুলির অগ্রগতি, নির্মাণকাজের গুণগত মান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি নতুন গ্রিনফিল্ড জাতীয় সড়ক প্রকল্প এবং আগামী পাঁচ বছরের পরিকাঠামো উন্নয়নের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
অন্যদিকে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জল জীবন মিশনের আওতায় ৪,১০০টি গ্রামে শতভাগ কাজ সম্পন্ন করে প্রত্যয়ন (সার্টিফিকেশন) নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এছাড়াও আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বিশেষভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক গুরুত্বপূর্ণ পানীয় জল প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুই বৈঠকেই মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার সংশ্লিষ্ট আধিকারিকদের প্রকল্পগুলির নিয়মিত পর্যবেক্ষণ, নির্মাণের গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি জানান, সাধারণ মানুষের কাছে উন্নত পরিকাঠামো ও নিরবচ্ছিন্ন বিশুদ্ধ পানীয় জল পরিষেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যেই প্রকল্পগুলির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

![]()

More Stories
অভয়ার দেহ সৎকারের অভিযোগে নির্মল ঘোষ ৮ দিনের পুলিশ হেফাজতে
কন্যারত্ন প্রকল্পে আর্থিক সহায়তা দ্বিগুণ
আবাস প্লাসের সমীক্ষা শেষের মুখে, যোগ্যদের দ্রুত তথ্য জানানোর আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের