বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যা: পকসো-সহ একাধিক ধারায় মামলা, গ্রেফতার ৩

সোমালিয়া ওয়েব নিউজঃ বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারার পাশাপাশি পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। এর আগে গ্রেফতার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

এদিকে, ঘটনার তদন্তে গতি আনতে রাজ্য পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্তা এবং বারুইপুর জেলা পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তকারীরা এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন এবং ঘটনার বিভিন্ন দিক খুঁটিয়ে যাচাই করছেন।

অন্যদিকে, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় মহিলা কমিশন রাজ্য প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। কমিশন ঘটনার তদন্তের অগ্রগতি এবং দোষীদের বিরুদ্ধে গৃহীত আইনি পদক্ষেপ সম্পর্কে তথ্য চেয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Loading