সোশ্যাল মিডিয়ায় একাধিক মামলার তথ্য প্রকাশ সাংবাদিক বিধায়ক মানব গুহের, ১৬ জুলাই শেষ হচ্ছে একটি অন্তর্বর্তী জামিনের মেয়াদ

সোমালিয়া ওয়েব নিউজ : সাংবাদিক থেকে মেমরীর বিধায়ক হওয়া মানব গুহ তাঁর সামাজিক মাধ্যমের পেজে একটি দীর্ঘ পোস্টে দাবি করেছেন, পূর্বতন সরকারের আমলে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল এবং বর্তমানে সেই মামলাগুলির মধ্যে চারটি এখনও বিচারাধীন রয়েছে। তিনি জানান, এর মধ্যে একটি মামলায় প্রাপ্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ আগামী ১৬ জুলাই শেষ হচ্ছে। ফলে তাঁকে ফের আদালতের দ্বারস্থ হয়ে জামিনের আবেদন করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্টে মানব গুহ দাবি করেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে একাধিক মামলার মুখোমুখি হতে হয়েছে। তিনি আরও দাবি করেন, এসব মামলায় তাঁকে জেলেও যেতে হয়েছে এবং তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা।

পোস্টে তিনি চারটি মামলার উল্লেখ করেছেন। সেগুলির মধ্যে রয়েছে ২০২৬ সালের একবালপুর থানার একটি মামলা, ২০২০ সালের গোলাবাড়ি থানার একটি মামলা, ২০২২ সালের গিরিশ পার্ক থানার একটি মামলা এবং ২০২৫ সালের মালদা সাইবার ক্রাইম থানার একটি মামলা। প্রতিটি মামলার নম্বর এবং সংশ্লিষ্ট আইনি ধারারও উল্লেখ করেছেন তিনি।

মানব গুহ তাঁর পোস্টে আরও লেখেন, তাঁকে রাজনৈতিকভাবে আটকে দেওয়ার চেষ্টা সফল হবে না। বন্ধুত্ব কিংবা শত্রুতা—যে সম্পর্কই হোক না কেন, তা সরাসরি করার আহ্বান জানিয়ে তিনি পোস্টের শেষে লেখেন, “জয় পশ্চিমবঙ্গ” এবং “ভারত মাতা কি জয়”।

Loading