মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে একাদশ শ্রেণির ছাত্র আটক, তদন্ত শুরু

সোমালিয়া ওয়েব নিউজ: মুখ্যমন্ত্রী এবং তাঁর মাকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকার একটি সরকারি বিদ্যালয়ের একাদশ শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে একটি রিল ভিডিও তৈরি করার সময় ওই ছাত্র আপত্তিকর মন্তব্য করে, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসার পর মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং বিজেপি সমর্থকদের একাংশ ছাত্রটির বাড়ির সামনে জড়ো হন।

অভিযোগ, বিক্ষুব্ধ জনতার একাংশ ছাত্রটির উদ্দেশে ডিম নিক্ষেপ করে এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রটিকে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে এনজেপি থানায় নিয়ে যায়।

বুধবার ওই ছাত্রকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়। যেহেতু অভিযুক্ত একজন নাবালক, তাই তার পরিচয় আইন অনুযায়ী গোপন রাখা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশ। তদন্তে ভিডিওটির উৎস, সামাজিক মাধ্যমে তার প্রচার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ছাত্রটিকে ঘিরে শারীরিক হেনস্তার অভিযোগের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

এদিকে, ঘটনার পর এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকে নজর রাখছে পুলিশ।

Loading