যোগ্য উপভোক্তাদের দ্রুত সুবিধা পৌঁছে দিতে জেলা ও ব্লক প্রশাসনকে একাধিক সময়সীমা বেঁধে দিল নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতর
সোমালিয়া ওয়েব নিউজ: অন্নপূর্ণা যোজনার আবেদন নিষ্পত্তিতে গতি আনতে রাজ্য সরকারের কড়া নির্দেশ। যোগ্য উপভোক্তাদের দ্রুত সরকারি সুবিধা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ (WCD & SW) দফতর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৮ জুলাই অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে দফতরের সচিবের সভাপতিত্বে NIC, নোডাল ব্যাঙ্ক, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও এবং কলকাতা পুরসভার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাই, অনুমোদন, প্রযুক্তিগত সমস্যা, অর্থপ্রদান এবং মাঠ পর্যায়ে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখা হয়। বিভিন্ন জেলা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে আবেদন প্রক্রিয়ায় যে সমস্যাগুলি দেখা দিয়েছে, তা তুলে ধরা হলে সেগুলির দ্রুত সমাধানের জন্য একাধিক নির্দেশ জারি করা হয়। আবেদনকারীদের নাম, আধার নম্বর বা অন্যান্য তথ্য সংশোধনের জন্য পোর্টালে এডিট অপশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে তদন্তকারী ও যাচাইকরণ স্তর থেকেই ভুল সংশোধন করা যায়। মাঠ পর্যায়ে তদন্তে কোনও আবেদনকারী অযোগ্য প্রমাণিত হলে ভবিষ্যতে পোর্টাল থেকেই আবেদন বাতিল করার ব্যবস্থা থাকবে। এছাড়া রিভার্ট হওয়া আবেদনগুলি পুনরায় তদন্তকারী আধিকারিকদের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি খাতে কর্মরত এবং নিয়মিত সম্মানী বা পারিশ্রমিকপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার, প্যারা-টিচার প্রমুখদের আবেদন আপাতত অনুমোদন করা হবে না। একইভাবে সরকারি কর্মচারী, পেনশনভোগী ও আয়করদাতা পরিবারের সদস্যদের ক্ষেত্রেও আপাতত অনুমোদন না দেওয়ার কথা জানানো হয়েছে। প্রকৃত দরিদ্র ও যোগ্য মহিলাদের অগ্রাধিকার দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যেসব পরিবারের তিন বা তার বেশি ঘর রয়েছে, যারা GST প্রদান করেন অথবা ৫০ ডেসিমেলের বেশি জমির মালিক, তাঁদের ক্ষেত্রেও সরকারি নির্দেশিকা অনুযায়ী বিস্তারিত তদন্ত করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ মে ২০২৬-এর সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করেই সমস্ত আবেদন যাচাই করতে হবে বলে জানানো হয়েছে। বিপুল সংখ্যক আবেদন দ্রুত নিষ্পত্তি করতে মাঠ পর্যায়ে CDPO, ASHA কর্মী, ICDS কর্মী, সুপারভাইজার, সহায়িকা এবং ইচ্ছুক BLO-দের তদন্তের কাজে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য NIC-কে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। আবেদন যাচাই, ডিজিটাইজেশন, অনুমোদন ও অর্থপ্রদানের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য MIS চালু করা হবে। অফলাইনে আবেদনকারীরাও যাতে নিজেদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারেন, সেই ব্যবস্থাও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থপ্রদান ব্যর্থ হওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে নির্দিষ্ট কারণ জানাতে হবে এবং জেলা ও ব্লক প্রশাসনকে ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিন গুগল মিটের মাধ্যমে অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং আবেদনকারীদের সুবিধার্থে ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে হেল্প ডেস্ক চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। বৈঠকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ পর্যন্ত প্রাপ্ত সমস্ত আবেদন ১০ জুলাইয়ের মধ্যে তদন্ত ও অনুমোদনের কাজ শেষ করতে হবে। একই সময়সীমার মধ্যে অফলাইন আবেদনগুলিকেও ডিজিটাইজ করতে হবে, যাতে যোগ্য উপভোক্তারা জুলাই মাসের প্রাপ্য আর্থিক সহায়তা দ্রুত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান। রাজ্য সরকারের মতে, অন্নপূর্ণা যোজনা শুধুমাত্র প্রকৃত দরিদ্র ও যোগ্য মহিলাদের জন্য। তাই কোনও অযোগ্য আবেদনকারী যেন সুবিধা না পান এবং যোগ্য কেউ যেন বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই প্রশাসনকে আরও স্বচ্ছ, দ্রুত ও কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।




![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগের জেরে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর উপকূলে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা
পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনে তিন প্রার্থীর নাম ঘোষণা, বিজেপিতে যোগ প্রাক্তন তিন সাংসদের
বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন তিন রাজ্যসভার সাংসদ