সোমবার থেকে রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; ইউসিসি নিয়েও বড় ঘোষণা

সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করতে রাজ্য সরকারের প্রণীত নতুন গুন্ডা দমন আইন আগামী সোমবার (১৩ জুলাই) থেকে কার্যকর হতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, বিধানসভায় সম্প্রতি পাস হওয়া দুটি জননিরাপত্তা-সংক্রান্ত বিলে রাজ্যপাল আর. এন. রবির সম্মতি মিলেছে। ফলে West Bengal Public Safety and Control of Anti-Social Activities Act, 2026 এবং West Bengal Maintenance of Public Order (Amendment) Act, 2026 সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। মুখ্যমন্ত্রীর দাবি, এই আইন মূলত সংগঠিত অপরাধ, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, তোলাবাজি, ভূমি দখল, চোরাচালান, ভাঙচুর এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আনা হয়েছে। সরকারের মতে, নতুন আইনের মাধ্যমে আইনপ্রয়োগকারী সংস্থাগুলি অপরাধ দমনে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। তবে এই আইন নিয়ে বিরোধী দল ও নাগরিক অধিকার সংগঠনের একাংশের মধ্যে বিতর্কও তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, আইনের কিছু বিধান অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code বা UCC)কার্যকর করার প্রক্রিয়াও এগিয়ে চলেছে। তিনি বলেন, অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই-এর নেতৃত্বে গঠিত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে। কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার ইউসিসি-র খসড়া বিল নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে। তবে এ বিষয়ে নির্ধারিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করেই সরকার এগোবে বলে তিনি উল্লেখ করেন। রাজ্য সরকারের এই দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহল, প্রশাসনিক স্তর এবং সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে নতুন জননিরাপত্তা আইন বাস্তবায়নের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে কী পরিবর্তন আসে এবং ইউসিসি কার্যকর করার প্রক্রিয়া কত দ্রুত এগোয়, সেদিকেই এখন নজর রাজ্যের।

Loading