সোমালিয়া সংবাদ, আরামবাগ: হঠাৎ ঘন্টার শব্দ শুনে অনেকের মনে হতেই পারে কাছেই বোধহয় কোথাও পুজো-অর্চনা হচ্ছে। কিন্তু যাঁরা জানেন, তাঁরা বুঝতে পারেন ‘ঘন্টা ডাক্তারবাবু’ ঘন্টা বাজাচ্ছেন। আরামবাগ মহকুমা হাসপাতালের শিশু চিকিৎসক প্রদীপ কুমার বেজ শিশু ও তার অভিভাবকদের কাছে ঘন্টা ডাক্তারবাবু নামেই বেশি পরিচিত। কারণ চিকিৎসা চলাকালীন তিনি মাঝে মাঝেই ঘন্টা বাজান। আর এতেই অভ্যস্ত ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে তাদের বাবা-মা ও অন্যান্যরা। কিন্তু চিকিৎসা করার সময় তিনি কেন হাতে ঘন্টা তুলে নেন? চিকিৎসক প্রদীপ কুমার বেজ জানালেন, শিশুদের চিকিৎসা করতে গিয়ে প্রথম প্রথম উপলব্ধি করেন বেশিরভাগ বাচ্চাই কাঁদছে। আর তাই তিনি সেই কান্না থামানোর জন্য ঘণ্টা ব্যাবহার করার কথা ভাবেন। ঠাকুরের আরতির সময় যে ধরনের ঘন্টা ব্যবহার করা হয় সেরকম একটি ঘন্টা নিয়ে একদিন বাজিয়েও দেখেন। আর তা শুনেই শিশুটি তার কান্না থামিয়ে দেয়। এরপর থেকেই তিনি শিশুদের কান্না থামানোর জন্য হাতে ঘন্টা তুলে নেন। আর তাতে বেশ ভালোই কাজ হয়। খুব তাড়াতাড়ি শিশুদের কান্না থামানো যায়। তারপর থেকেই চিকিৎসার সময় তিন ঘন্টা বাজান। আরামবাগ মহকুমা হাসপাতালের আউটডোরে তিনি বসলেই ওই ঘন্টার আওয়াজ শোনা যায়। ডাক্তারবাবু আরও জানান, এছাড়াও কোন শিশু কানে কথাটা শুনতে পাচ্ছে বা আদৌ শুনতে পাচ্ছে কিনা তা ওই ঘন্টা শুনে শিশুর প্রতিক্রিয়া দেখে বোঝা যায়। শিশুদের চিকিৎসার সময় এই পদ্ধতি ব্যবহার শিশুদের বাবা-মা ও অন্যান্য অভিভাবকদেরও বেশ পছন্দ। তাঁরাও এই বিষয়টি একদিকে যেমন বেশ উপভোগ করেন, তেমনি এর প্রয়োজনীয়তার কথাও বুঝতে পারেন। আরামবাগ তিন নম্বর ওয়ার্ডের গৃহবধূ সুরাইয়া বেগম বলেন, আমি দীর্ঘদিন ধরেই ডাঃ বেজের কাছে আমার ছেলের চিকিৎসা করাই। প্রথমে ঘন্টা বাজানো দেখে একটু অবাকই হয়েছিলাম। তারপর দেখলাম বেশ ভালই কাজ হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার ছেলে কান্না থামিয়ে দিত। আর ওই ঘন্টা বাজানোর জন্যই আমার ছেলেও ডাক্তারবাবুকে ভীষণ পছন্দ করে। আর এক অভিভাবক গোঘাটের বালিদেওয়ানগঞ্জের জয়ন্ত সামুই বলেন, উনি চিকিৎসক হিসেবে এমনিতেই খুব ভাল। তার ওপর ওই ঘন্টা বাজিয়ে চিকিৎসা করাটা আমারও বেশ ভাল লাগে। যেসব বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয়, তারা খুব তাড়াতাড়ি ঘন্টার শব্দ শুনে চুপ করে যায়। ফলে চিকিৎসা করতে কোন সমস্যা হয় না।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের