February 4, 2026

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ও পুলিশ

সোমালিয়া সংবাদ, আরামবাগ: শনিবার থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার আরামবাগ মহকুমা থেকে পরীক্ষা দিচ্ছে ১০,১৫৪ জন ছাত্র-ছাত্রী। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪,৪৬৪ জন এবং ছাত্রীর সংখ্যা ৫,৬৫২জন। এছাড়াও সিসি পরীক্ষার্থী ও স্পেশাল পরীক্ষার্থী রয়েছে ৩৮ জন। মহাকুমার মোট ১১২টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয় তাই শনিবার পরীক্ষা শুরুর আগে প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। আরামবাগ উচ্চবালিকা বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন আরামবাগের পুরপ্রধান সমীর ভান্ডারী ও প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী। তাঁরা পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এছাড়া পুরশুড়ার পশ্চিমপাড়া হাইস্কুলে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানা, খানাকুলের বলাইচক রাজা রামমোহন রায় বিদ্যাপীঠে উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী শিখা দোলুই, খানাকুলের ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যাপীঠে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শেখ হায়দার আলি প্রমূখ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই তৃণমূলের নেতা-নেত্রীরা পরীক্ষার্থীদের হাতে কার্ডবোর্ড, জলের বোতল, কলম ইত্যাদি উপহার তুলে দেন। অন্যদিকে গোঘাট থানার ওসি অনিল রাজের উদ্যোগে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে গিয়ে পুলিশের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়। অনিল রাজ নিজে সামন্তখণ্ড হরেন্দ্রকৃষ্ণ রায় হাইস্কুলে  উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করার জন্য তাদেরকে সাহস যোগান।

Loading