সোমালিয়া সংবাদ, দিঘা: মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার শুভদিনে দিঘায় জগন্নাথদেব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হল নারকেল ফাটিয়ে। সূচনা করলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, রামনগর-১ নং ব্লকের ব্লক আধিকারিক বিষ্ণুপদ রায়, হিডকোর কর্তাব্যক্তিসহ অন্যান্যরা। জানা গিয়েছে, ২০২২-২০২৩ সালের মধ্যেই দিঘায় জগন্নাথদেবের মন্দির সম্পূর্ণ হয়ে যাবে। এমনটাই জানালেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। প্রসঙ্গত উল্লেখ্য, পুরীর আদলে দিঘায় গড়ে তোলা হবে জগন্নাথদেবের মন্দির বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিল গিরি জানান, মন্দিরের জন্য ইতিমধ্যেই ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরবর্তীকালে আরও আনুষাঙ্গিক কাজের জন্য আরও টাকা বরাদ্দ করা হবে। ২০১৯ সালে দিঘায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে এবং এই কাজ হিডকো সংস্থা দিয়ে করানো হবে। তা নিয়ে প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছিল ওল্ড দিঘার জগন্নাথ ঘাটের কাছে। কিন্তু পরবর্তীকালে জমি সমস্যার জন্য নিউ দিঘায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি বলেন, মুখ্যমন্ত্রীর দিঘা আসার কথা রয়েছে। দিঘা, তাজপুর, মন্দারমণি ও নয়াচরে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলে খবর। সেই সঙ্গে জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করবেন। পুরীর আদলে এই মন্দির তৈরি করা হবে। মন্দিরের উচ্চতা, আনুষঙ্গিক পরিকাঠামো গড়ে তোলা হবে ২২ একর জায়গার উপরে। সেখানে মন্দিরের ভোগ রান্নার ব্যবস্থা, দোকানপাট সমেত সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে যাবতীয় কাজ করা হবে।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের