হাসপাতাল চত্বর পরিষ্কার করতে উদ্যোগ নিল গুসকরা পুরসভা

সোমালিয়া সংবাদ, বর্ধমান: পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা থাকলেও শুধু গুসকরা নয়, আশেপাশের বহু এলাকার গরীব মানুষের বড় ভরসাস্থল গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন গড়ে দুই শতাধিক মানুষ চিকিৎসার জন্য এখানে আসেন। আউটডোরে পড়ে যায় লম্বা লাইন। সীমিত সামর্থ্য নিয়ে ডাক্তার, নার্স থেকে শুরু করে প্রতিটি স্বাস্থ্যকর্মী সর্বোচ্চ পরিষেবা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। অথচ হাসপাতাল চত্বরের একটা বড় অংশ আগাছায় পরিপূর্ণ। প্রতি মুহূর্তে থাকে সাপের ভয়। বর্ষাকালে তো সাপের উপদ্রব আরও বেড়ে যায়। শুধু তাই নয়, আগাছার জন্য অনুকূল পরিবেশ পেয়ে মশার বংশবৃদ্ধি হয় দ্রুত। সেক্ষেত্রে ডেঙ্গুর আতঙ্ক তাড়া করে বেড়ায় ‘স্টাফ কোয়ার্টার’-এ থাকা ডাক্তার সহ স্বাস্থ্কর্মীদের। গত ১ লা জুলাই ‘ডাক্তার দিবস’-এ ডাক্তারদের সম্মান জানানোর জন্য পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর যমুনা শিকারী হাসপাতালে এলে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা এই সমস্যার দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করেন। চেয়ারম্যান ও কাউন্সিলর সরেজমিনে হাসপাতাল চত্বর ঘুরে সমস্যা উপলব্ধি করেন এবং দ্রুত হাসপাতাল চত্বর পরিস্কার করার সিদ্ধান্ত নেন। সেই মতো এদিন কাজ শুরু হয়।

Loading