সোমালিয়া ওয়েব নিউজ: দক্ষিণ কোরিয়া থেকে উড়ে আসা বেলুনের মাধ্যমেই তাদের দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে। এমনই দাবি করেছে উত্তর কোরিয়া। তাদের দীর্ঘদিনের অভিযোগ, সীমান্ত এলাকা দিয়ে বেলুনে বেঁধে নানা ধরনের প্রচারপত্র পাঠান দক্ষিণ কোরিয়ার সমাজকর্মীরা। সেগুলির অধিকাংশ উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের সমালোচনামূলক। এই বিষয়ে আগেও বহু বার ক্ষোভ প্রকাশ করেছে কিমের দেশ। গুলি করে বেলুন নামানোর ঘটনাও ঘটেছে। তা সত্ত্বেও বেলুন আসা বন্ধ হয়নি। অভিযোগ, এ বছর এপ্রিলে দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তের কাছে ইফো শহরে এমনই উড়ে আসা বেলুনের সংস্পর্শে এসেছিল শহরের এক শিশু এবং আঠারো বছরের এক জওয়ান। পরে দেখা যায়, দু’জনেই ওমিক্রনে সংক্রমিত। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ইফোয় সম্প্রতি বেশ কিছু সংক্রমিতের খোঁজ মিলেছে। জ্বরের উপসর্গ রয়েছে এমন কয়েকজন ইফোর বাসিন্দা পিয়ংইয়্যাংয়েও এসেছিলেন। তাঁদের থেকে রাজধানীতে সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার প্রশাসন হাওয়ায় ভেসে আসা ‘অজানা’ বস্তু, বেলুন বা ওই জাতীয় বস্তুর উপরে কড়া নজরদারি চালাতে এবং সেগুলির উৎস খুঁজে বার করতে জরুরি নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি বলা হয়েছে, কেউ কোনও ‘অজানা’ উড়ন্ত বস্তুর খবর পেলে তৎক্ষণাৎ যেন প্রশাসনকে তা জানান। তবে ‘অজানা’ বস্তু কী ধরনের হতে পারে, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়নি।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন