September 19, 2026

৩০০ বছর পরেও নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে সাটিনন্দীর পাঁজা পরিবার

সোমালিয়া ওয়েব নিউজ: প্রায় দু’বছর পর করোনার আতঙ্ক ও বিধিনিষেধকে দূরে সরিয়ে রেখে পালিত হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। চারপাশে বাঁধনছাড়া উচ্ছ্বাস। বৃষ্টি আনন্দের পথে কিছুটা বাধা সৃষ্টি করলেও তার মাঝেও প্রায় ৩০০ বছরে ধরে নিজেদের অতীত ঐতিহ্য ধরে রাখল পূর্ব বর্ধমানের গলসীর সাটিনন্দী গ্রামের পাঁজা পরিবার। জমিদার পরিবার হলেও পূর্বপুরুষদের সৃষ্ট ঐতিহ্য আজও ধরে রেখেছেন বংশের উত্তর পুরুষরা। অতীত ঐতিহ্যের প্রকৃত ধারক ও বাহক হিসেবে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন। গ্রামবাসীদের মতে – দিন বদলায়, পরিবারের সদস্য বদলায় কিন্তু পাঁজা পরিবারের অতীত ঐতিহ্য একই থেকে যায়।যাইহোক প্রায় ৩০০ বছর আগে গ্রামের বনেদি পরিবার পাঁজাদের হাত ধরে রীতি মেনে শুরু হয় দুর্গাপুজো। গ্রামের মধ্যে বয়ে যায় খুশির উৎসাহ। পাঁজা পরিবারের সৌজন্যে উৎসব হয়ে ওঠে সবার। কালের নিয়মে স্বাভাবিক ভাবেই আগের জাঁকজমক অনেকটা কমলেও উদ্দীপনা কিন্তু এখনো বজায় আছে। কর্মসূত্রে রাজ্যের ও দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশে, ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা পুজোর সময় হাজির হয় নিজ গ্রামে। অতীতের মত নবীন-প্রবীণের মিলিত সমাবেশ আজও দেখা যায় এই দুর্গোৎসবে। পাশাপাশি দ্যাখা যায় জমিদার ও তাদের কর্মচারীদের। পুজোর সময় থাকে না কোনো ভেদাভেদ। সবাই ফিরে যায় অতীতে। বর্তমান পরিস্থিতিতে সত্যিই এএক বিরল দৃশ্য।

Loading