February 4, 2026

বিজেপির চার্টার্ড বিমানে দিল্লিতে রাজীব, বৈশালী, প্রবীর, রথীন। আজই যোগদান?

 সোমালিয়া ওয়েব নিউজ: আজ শনিবার বিজেপিতে যোগ দিতে পারেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি সহ  চার নেতা-নেত্রী। বাকিরা হলেন বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল ও রথীন চক্রবর্তী। এই চারজনই এতদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। প্রবীর ঘোষাল হুগলির উত্তরপাড়ার বিধায়ক, বৈশালী ডালমিয়া বালি এবং রাজীব ব্যানার্জি ডোমজুড়ের বিধায়ক ছিলেন। অন্যদিকে রথীন চক্রবর্তী হাওড়ার বিদায়ী মেয়র। জানা গেছে, বিজেপির পক্ষ থেকেই তাঁদেরকে বিশেষ চার্টার্ড বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লিতে সেখানে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন। সূত্রের খবর, এদিনই নাকি তাঁরা অমিত শাহর হাত থেকেই বিজেপির পতাকা তুলে নেবেন। উল্লেখ্য, আগে ঠিক ছিল রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান মেলায় বৈশালী ডালমিয়া সহ কিছু তৃণমূল নেতা-নেত্রী বিজেপিতে যোগদান করবেন। ওই সভায় তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু দিল্লিতে ইজরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণের ফলে অমিত শাহ সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। যদিও যোগদান মেলা যথারীতি অনুষ্ঠিত হবে। কিন্তু রাজীব ব্যানার্জি সহ এইসব নেতা-নেত্রী অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগদান করতে চাইছিলেন। আবার কবে রাজ্য অমিত শাহ আসবেন তা এখনও ঠিক হয়নি। তাই তাঁদের চারজনকেই তড়িঘড়ি দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হল বলে মনে করা হচ্ছে। সেখানে প্রাথমিকভাবে তাঁরা অমিত শাহের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন। তারপরেই যোগদানের বিষয়টি স্থির হবে বলে জানা গেছে।

Loading